২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিলাহাটি থেকে ১৭ ঘণ্টায় ঢাকা

নির্ধারিত সময় পেরিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর ট্রেন ছাড়ছে উত্তরাঞ্চল থেকে; এতে ঢাকা পৌঁছতে দেরি হওয়া ছাড়াও গরমে ও দীর্ঘ সময়ের যাত্রায় কাহিল হয়ে পড়েছেন ছুটি শেষে রাজধানীমুখী যাত্রীরা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2018, 08:41 PM

Updated : 08 Apr 2022, 06:55 PM

ঈদের ফেরত যাত্রার চতুর্থ দিন সোমবার কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায়, উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে ছেড়ে আসা ট্রেন প্লাটফর্মে আসছে কয়েক ঘণ্টা দেরি করে।

ছুটি শেষে কর্মদিবস শুরু হওয়ায় এদিনও বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ট্রেনের কামরায় ঠাসাঠাসি যাত্রী, ভ্যাপসা গরমে আর দীর্ঘ যাত্রাপথের দুর্ভোগে চোখেমুখে ক্লান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ।

সবচেয়ে বেশি দেরি করেছে দিনাজপুরের একতা এক্সপ্রেস এবং চিলাহাটির নীলসাগর এক্সপ্রেস। 

নীলসাগর এক্সপ্রেস সকাল ৭টা ১০ মিনিটে প্লাটফর্মে আসার কথা থাকলেও সাত ঘণ্টা দেরিতে বেলা ২টা ১০ মিনিটে কমলাপুর আসে।

এই ট্রেনে স্ত্রীকে নিয়ে চিলাহাটি থেকে ১৭ ঘণ্টার যাত্রা শেষে ঢাকা ফিরেছেন কারা কর্মকর্তা শাহরিয়ার রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ট্রেন দেরিতে ছাড়বে জেনেও আগেই স্টেশনে চলে গিয়েছিলেন তিনি। 

“রাত ৯টার সময় ট্রেন ছাড়ার কথা। কিন্তু সেটি ছেড়েছে রাত ২টায়। বাড়ি থেকে স্টেশন অনেক দূরে। এত রাতে বাড়ি থেকে স্টেশনে যাওয়া কঠিন। এ কারণে আগেই চলে এসেছিলাম। পাঁচ ঘণ্টা অপেক্ষার পর ট্রেন পেলাম। তবে পথে পথে যাত্রী তোলায় দেরি হয়েছে। ১৭ ঘণ্টা লাগলো ঢাকা আসতে।”

দিনাজপুরের একতা এক্সপ্রেসের সকাল ৭টা ১০ মিনিটে স্টেশনে আসার কথা। সূচি বিপর্যয়ে সাড়ে সাত ঘণ্টা দেরিতে বেলা ২টা ৪০ মিনিটে প্লাটফর্মে আসে ট্রেনটি।  

একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী মেঘনা গ্রুপের কর্মকর্তা বেনজির আহমেদ বলেন,  “শনিবার রাত ১১টায় দিনাজপুর থেকে ছাড়ার কথা। কিন্তু ট্রেনটি রাত ৩টার দিকে ছাড়ে। 

“দিনাজপুর থেকে ঢাকা আসতে আট ঘণ্টা লাগে। কিন্তু আজ প্রায় ১২ ঘণ্টা লাগিয়েছে। খুব ক্লান্ত হয়ে গেছি ভাই। এখন আবার মেঘনাঘাট যেতে হবে।”

বেলা ১১টায় কমলাপুর পৌঁছানোর নির্ধারিত সময় হলেও আড়াই ঘণ্টা দেরিতে বেলা দেড়টায় আসে সিরাজগঞ্জ এক্সপ্রেস।

ওই ট্রেনের যাত্রী কামাল হোসেন বলেন, “সকাল ৬টায় সিরাজগঞ্জ থেকে ট্রেনটি ছেড়ে আসে। তবে পথে বিভিন্ন স্টেশনে সেটি দেরি করেছে। 

“সাড়ে তিন ঘণ্টার পথ। কিন্তু বিভিন্ন স্টেশনে থেমেছে, যাত্রী তুলেছে। আবার কয়েকটি ট্রেনে পাসিং দিতে গিয়ে এটা সাড়ে সাত ঘণ্টা লাগিয়েছে। এছাড়া ট্রেনে এমন ভিড়, গরমে জান বেরিয়ে গেছে।”

ট্রেন দেরিতে আসায় অপেক্ষমান যাত্রীদের পোহাতে হয়েছে নানা ভোগান্তি।

অসুস্থ মায়ের চিকিৎসা শেষে তাকে নিয়ে সৈয়দপুর যাবেন মো. রমজান আলী। সকাল আটটার ট্রেন ধরতে সাড়ে ৭টার দিকে স্টেশনে এসেছিলেন তিনি। তবে নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা পরেও ট্রেন স্টেশনে আসেনি। 

“এই ট্রেন তো লেট করে না। মনে করলাম ঈদের সময় হয়তো আধা ঘণ্টা-এক ঘণ্টার মতো লেট হবে। কিন্তু পাঁচ ঘণ্টা হয়ে গেছে ট্রেনের কোনো খবর নেই। এখন কষ্ট করছি অসুস্থ মাকে নিয়ে।”

সাড়ে সাত ঘণ্টা দেরিতে বেলা সাড়ে ৩টায় ট্রেনটি কমলাপুর ছেড়ে যায়। একতা এক্সপ্রেস কমলাপুর ছেড়ে যায় বেলা সোয়া ৩টায়। 

সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ভোর পাঁচটা ৪০ মিনিটের বদলে সকাল নয়টায়, ধূমকেতু এক্সপ্রেস ভোর চারটা ৫৫ মিনিটের বদলে সকাল আটটায় এবং লালমনিরহাট ঈদ স্পেশাল তিন ঘণ্টা দেরিতে কমলাপুর এসেছে। 

নোয়াখালীর উপকূল এক্সপ্রেস ট্রেন বেলা সাড়ে ১২টার বদলে বেলা ১টায় এবং  দেওয়ানগঞ্জের ব্রহ্মপুত্র এক্সপ্রেস এক ঘণ্টা ১০ মিনিট দেরিতে প্লাটফর্মে পৌঁছে।

রাজশাহীর সিল্ক সিটি এক্সপ্রেসের বেলা পৌনে ২টায় আসার কথা থাকলেও বেলা সোয়া ৩টা পর্যন্ত প্লাটফর্মে আসেনি।

কমলাপুরের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় বলেন, “পশ্চিম রেলের ট্রেনে যাত্রীদের চাপ বেশি। এ কারণে শিডিউল ঠিক রাখা যাচ্ছে না।”

এছাড়া ট্রেনের ছুটি বাতিল করার কারণেও সূচি ঠিক রাখতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান তিনি।

“ডে অফ থাকলে ট্রেনটি দেরি করে আসলেও একদিন পর ঠিক সময়ে ছাড়া যায়। কিন্তু এখন তাও করা যাচ্ছে না।”

তবে আগামী সপ্তাহের মধ্যে পরিস্থিতি ‘ঠিক হয়ে যাবে’ বলে আশ্বাস দেন তিনি।

পুরনো খবর:

সড়কপথে চাপ কম ঢাকা ফিরতি যাত্রীদের