সড়কপথে চাপ কম ঢাকা ফিরতি যাত্রীদের
ঈদের ছুটি শেষে চতুর্থ দিনে ঢাকামুখী সড়ক পথে ভিড় না থাকায় অনেকটা নির্বিঘ্নেই বিভিন্ন অঞ্চল থেকে ফিরে আসছেন রাজধানীবাসী।
সোমবার উত্তরবঙ্গ থেকে ঢাকার প্রবেশপথ গাবতলী আর মহাখালী বাস টার্মিনাল ঘুরে এই চিত্র চোখে পড়ে।
সড়ক পথে ঈদ ফেরত মানুষের চাপ কম থাকার কথা জানান দায়িত্বরত ট্রাফিক পুলিশ কর্মকর্তা ও পরিবহনকর্মীরাও।
ঢাকার উদ্দেশে ফরিদপুর থেকে পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে গাবতলীতে আসা আনোয়ার হোসেন জানান, যানজটের আশঙ্কায় তারা ভেঙে ভেঙে এসেছেন। পদ্মা নদী পার হয়ে পাটুরিয়া এসে আরেকটি বাসে করে গাবতলীতে পৌঁছেছেন।
“পাটুরিয়া থেকে জনপ্রতি দুইশ টাকা করে ভাড়া নিয়েছে। কিন্তু কোথাও কোনো যানজট ছিল না। কেবল আমিনবাজার সেতুতে মেরামত কাজ চলায় এখানে একটু সময় লেগেছে।”
সেখানে সিএনজি চালক রিপন জানান, “সকাল থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়নি। তবে পর্যাপ্ত যাত্রী পাওয়া গেছে।”
ঠাকুরগাঁও থেকে গাবতলীতে আসা নাবিল পরিবহনের নাছের আহমেদ জানান, সকাল ৬টায় গাড়ি ছেড়ে আসার পর বেশ নির্বিঘ্নেই তিনি ঢাকায় পৌঁছেছেন। পথে যানজটের আশঙ্কা থাকলেও কোথাও লম্বা সময় ধরে অপেক্ষা করতে হয়নি।
নয় ঘণ্টায় ঢাকায় পৌঁছানোর কথাও জানান তিনি।
“ঈদের পর বড় বড় দুটি সড়ক দুর্ঘটনার খবর শুনে বেশ ঘাবড়ে গিয়েছিলাম। আল্লার রহমতে সুস্থভাবেই ঢাকায় আসতে পারলাম।”
গাবতলীতে ট্রাফিক পুলিশের সার্জেন্ট সাইদুর রহমান বলেন, “গত দুই দিন ধরেই গাবতলী হয়ে স্বল্প পরিসরে মানুষ ঢাকায় ফিরছে। যানবাহনের ব্যাপক ভিড় কিংবা হৈ-হুল্লোড় নেই।
“ঈদের পর গার্মেন্টস কিংবা বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখনও চালু হয়নি। তাই মানুষ ঢাকায় ফিরতে আরেকটু সময় নিচ্ছে। ভিড় যা হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনালে।”
চলতি সপ্তাহের শেষ দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে ফিরে আসা মানুষের ভিড় শুরু হতে পারে বলে ধারণা এই ট্রাফিক পুলিশ সার্জেন্টের।
এদিকে অনেক যাত্রীকে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যেতে দেখা যায় এদিনও। ঈদের আগে বাসের ভাড়া বেশি থাকলেও এখন নিয়মিত ভাড়ায় যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন।
কল্যাণপুরে হানিফ পরিবহনের যাত্রী শরীফুল ইসলাম জানান, মাত্র একদিন আগেই তিনি ঈদের ব্যস্ততা শেষ করে ঢাকায় ফিরেছেন। নাটোরের গ্রামের বাড়িতে ছোট ভাইয়ের বিয়ের তারিখ চূড়ান্ত হওয়ায় আবারও বাড়ি যাচ্ছেন তিনি।
“ঈদের আগে বাড়ি যেতে সাড়ে সাতশ টাকা ভাড়া গুণতে হয়েছিল। তবে আজ যাচ্ছি চারশ টাকায়। ঢাকা থেকে নাটোরের নিয়মিত ভাড়াও চারশ টাকা।”
এদিকে গাবতলীতে ঢাকা ফিরতি বাসের চাপ কম থাকলেও মহাখালী বাস টার্মিনালে ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জসহ এসব এলাকা থেকে ছেড়ে আসা গাড়ির চাপ তুলনামূলক বেশি দেখা গেছে।
মধুপুর থেকে পরিবার নিয়ে ঢাকায় আসা আলমগীর জানান, তিনিও বেশ স্বাচ্ছন্দে ঢাকায় এসেছেন। গাজীপুর কিংবা অন্যকোনো এলাকায় যানজটের মধ্যে পড়তে হয়নি।
গাইবান্ধা থেকে একতা পরিবহনে চড়ে ঢাকায় আসা নাসিমা বেগমের ঢাকা ফেরার অভিজ্ঞতাও একই রকম।
“বেশ ভালোভাবেই এসেছি। কোনো ধরনের ঝামেলা হয়নি। তবে এখন মহাখালী থেকে রামপুরা যাওয়ার জন্য সিএনজি ভাড়া বেশি চাচ্ছে,” বলেন তিনি।
সড়কে চাপ কম থাকা নিয়ে একতা পরিবহনের চালকের সহকারী বলেন, “বাসের চেয়ে ট্রেনে ভিড় বেশি। মানুষজন ট্রেনে চড়েই ঢাকায় ফিরছেন।”
হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার বাবুল বলেন, “ঢাকা ছেড়ে যাওয়া বাসগুলোতে যাত্রীর চাপ কম থাকলেও উত্তরবঙ্গ থেকে তাদের বাসগুলো যাত্রীভর্তি হয়েই ফিরে আসছে।”
ঈদ ফেরত যাত্রীদের এই চাপ আরও কিছুদিন থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
ঘরমুখো মানুষের যাত্রা ‘স্বস্তিদায়ক’ হয়েছে দাবি করে ঈদের দিন নিজের নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলার ওটারহাট ঈদগাঁ মাঠে ঈদের নামাজ শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ছুটি শেষে কর্মস্থলে ফেরার পর্বও তেমনই হবে।
