ঈদের পরদিনও সদরঘাটে ঢাকা ছাড়ার ভিড়
ঈদের পরদিনও রাজধানী ছাড়তে সদরঘাটে ভিড় করেছেন দক্ষিণ জনপদের অনেক যাত্রী।
বৃহস্পতিবার ঈদের সরকারি ছুটি শেষ হলেও হাতে আছে শুক্র-শনি দুই দিনের সাপ্তাহিক ছুটি। এই সুযোগ কাজে লাগাতে অনেকেই লঞ্চে করে রওনা হয়েছেন বিভিন্ন গন্তব্যে।
যারা নানা কারণে ঈদের আগে গ্রামে যাওয়ার সুযোগ পাননি, তাদের কেউ কেউ স্বজনদের সঙ্গে কয়েকটা দিন কাটাতে লঞ্চে চড়ছেন।
আবার এই সময়টায় ভিড়ের চাপ কম থাকে বলে অনেকে যাচ্ছেন বেড়াতে। কেউ আবার কোরবানির মাংস নিয়ে যাচ্ছেন আত্মীয় স্বজনের বাড়ি।
মিতালী লঞ্চে কথা হয় আব্দুল হাকিম ও তার স্ত্রী তাহেরা বেগমের সঙ্গে; তাদের গন্তব্য চাঁদপুর।
আব্দুল হাকিম বলেন, “ঢাকায় ছেলে ও নাতিদের সঙ্গে ঈদ করেছি। এখন স্ত্রীকে নিয়ে চাঁদপুরে যাচ্ছি।”
সাভারেরে দারুস সুন্না মাদ্রাসার চার ছাত্র মিতালী লঞ্চে করে চাঁদপুরে যাচ্ছেন। তাদের বাড়ি সদর থানার ইব্রাহিমপুরে।
ঈদের পরে কেন যাচ্ছেন জানতে চাইলে মোহাম্মদ আলী নামে একজন বলেন, “মাদ্রাসার কোরবানির চামড়া কালেকশন করার জন্য ঈদের আগে যেতে পারেননি। তাছাড়া কম বয়সী ছাত্ররা ঈদের আগে ছুটি পেয়েছে। বড়রা ঈদের পরে।”
কেবিনের যাত্রী ফয়সাল স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে চাঁদপুর যাচ্ছেন বৃহস্পতিবার।
তিনি বলেন, “ঢাকার নাখালপাড়া বাবা-মায়ের সঙ্গে ঈদ করেছি। এখন যাচ্ছি শ্বশুরবাড়ি।”
সোয়ারীঘাটে শ্রমিকের পেশায় থাকা লিয়াকত, নুরু মিয়াসহ ছয়জনকে দেখা গেল চাঁদপুরের লঞ্চ ধরছেন।
নুরু মিয়া জানান, তারা কামরাঙ্গীর চরের কয়লার ঘাট এলাকায় থাকেন। বোঝা টানার কাজ করেন সোয়ারীঘাটে।
লিয়াকত বলেন, “ঈদের সময় গরু জবাই, মাংস কাটার কাজ পায়া যায়। তাই ঈদের পরে বাড়ি যাচ্ছি। টাকা আর মাংস দুটোই পেয়েছি।”
পরিবহন পরিদর্শক সেলিম বলেন, ঢাকার ছাড়ার এই ভিড় বৃহস্পতিবার বিকালেও চলবে। ফিরতি পথের যাত্রীদের চাপ শুরু হবে শনিবার থেকে।
