ঢাকায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় হটলাইন
কোরবানির বর্জ্য অপসারণের বিষয়ে সহযোগিতার জন্য হটলাইন চালু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন।
মেয়র সাঈদ খোকন ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের যে পরিকল্পনা নিয়েছেন, তা বাস্তবায়নে হটলাইন চালুর এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কোরবানির বর্জ্যের তথ্য জানানো যাবে ০৯৬১১০০০৯৯৯ নম্বরে।
আর কেন্দ্রীয়ভাবে বর্জ্য ব্যবস্থাপনায় মহাখালীতে একটি অস্থায়ী কন্ট্রোল রুম স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন; সেখানকার নম্বর ০২৯৮৩০৯৩৬।
এছাড়া উত্তর সিটিতে এলাকা ভিত্তিক যোগাযোগের জন্য পাঁচটি মোবাইল নম্বর চালু রাখার কথা জানিয়েছেন কর্মকর্তারা।
সেগুলো হলো- উত্তরার জন্য ০১৭১৭১০২০২৫, মিরপুরে ০১৭১১৩১৩২৮৯, মহাখালীতে ০১৯২৩১১৩৬৩৬ মিরপুরে (অঞ্চল-৪) ০১৭৩৩৮৯৫৫৩২ এবং কারওয়ান বাজারে ০১৭১১৫৭৭৪৭৪।
নগরবাসীকে এসব নম্বরে যোগাযোগ করে বর্জ্যের বিষয়ে তথ্য জানাতে অনুরোধ করেছে নগর কর্তৃপক্ষ।
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বর্জ্য জমিয়ে রাখার জন্য নগরবাসীকে প্রায় পাঁচ লাখ পলিথিন ব্যাগ সরবরাহ করা হচ্ছে।
বুধবার বেলা ২টায় বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও উত্তর সিটি করপোরেশেনের প্যানেল মেয়র ওসমান গণি।
এবার ঈদে ঢাকার দুই সিটি করপোরেশনে প্রায় পাঁচ লাখ পশু কোরবানি হতে পারে জানিয়ে সিটি করপোরেশনের কর্মকর্তারা বলেছেন, এসব পশু থেকে ৩০ হাজার টন বর্জ্য হতে পারে।
এবার নতুন সংযুক্ত ৩৬ ওয়ার্ডসহ ঢাকার দুই সিটি করপোরেশনে ১ হাজার ৫৪টি পশু জবাইয়ের স্থান নির্ধারণ করে দিয়েছে সরকার।
দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশু বর্জ্য অপসারণে ঈদের ছুটি বাতিল করা হয়েছে দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের।
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় ২১ হাজার পরিচ্ছন্ন কর্মী নিয়োজত থাকবেন।
দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খোন্দকার মিল্লাদুল ইসলাম জানান, তাদের ২০ হাজার ৭৭১ পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে ১১ হাজার ২৭১ জন কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে থাকবেন। ১০টি পে-লোডারসহ ৩৫০টি যন্ত্রপাতি ব্যবহার করে তারা ময়লা সাফ করবেন।
উত্তর সিটিতে সাড়ে ৯ হাজার পরিচ্ছন্নতাকর্মী বর্জ্য অপসারণে মাঠে থাকবেন বলে জানান সেখানকার অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আবুল হাসনাত মো. আশরাফুল ইসলাম।
তিনি বলেন, বর্জ্য অপসারেণ এই সিটিতে ১৫০টি বর্জ্যবাহী ট্রাক, ১৯টি ডাম্প ট্রাক, ৫টি পে-লোডার, ৩টি হুইল ডোজার, ১১টি পানির গাড়ি (জেট স্প্রেসহ), ৪টি স্কিড লোডার, ৪টি বেকহো লোডার, ৮০টি ট্রাক প্রস্তুত রাখা হয়েছে।
