২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ছিনতাইকারীর কবলে ব্যবসায়ী

ঢাকার দৈনিক বাংলা মোড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2018, 12:08 AM

Updated : 19 Aug 2022, 02:30 PM

আবু জাফর (৩২) নামে ওই ব্যবসায়ী বলেছেন, ছিনতাকারীরা তার হাতব্যাগটি নিয়ে যায়, যেখানে ৭০ হাজার টাকা ছিল।

সোমবার রাত ৮টার দিকে এই ঘটনার পর আহত জাফর এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি ফকিরাপুল বড় মসজিদের পাশে একটি বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন। ফকিরাপুলের একটি প্রেসে চাকরির পাশাপাশি তিনি গার্মেন্টস ‘স্টক লট’ ব্যবসা করেন।

হাসপাতালে চিকিৎসাধীন আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসায়িক কাজ শেষ করে উত্তরা থেকে অটোরিকশা নিয়ে বাসার কাছাকাছি নেমে ভাড়া পরিশোধের সময় বিপরীত থেকে আসা একটি অটোরিকশা থেকে অস্ত্রধারী তিন ছিনতাইকারী নেমে আসে।

তারা তার ডান হাতে ছুরিকাঘাত করে ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানান জাফর।

মঙ্গলবার পরিবারের সদস্যদের নিয়ে ঈদ করতে মানিকগঞ্জ যাওয়ার কথা ছিল জাফরের।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে মতিঝিল থানার ওসি ওমর ফারুক এবং পল্টন থানার ওসি মাহমুদুল হাসান উভয়ই বলেন, তাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি বলে বিষয়টি তাদের জানা নেই।