২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুপুরের পর ভিড় বেড়েছে সদরঘাটে

ঈদের ছুটি শুরুর আগের দিন সোমবার দুপুরের পর থেকে সদরঘাটে ঘরমুখী যাত্রীর চাপ বেড়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যেষ্ঠ  প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2018, 07:31 PM

Updated : 19 Aug 2022, 02:29 PM

বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক (টিআই) সৈয়দ মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল থেকে যাত্রী  আসতে শুরু করেছে। সন্ধ্যা ও রাতে যাত্রী  আরও বাড়তে পারে।”

তবে লঞ্চ না পেয়ে কোনও যাত্রীর ফিরে যেতে হবে না বলে বিআইডব্লিউটিএর পাশাপাশি লঞ্চমালিক পক্ষ আশ্বাস দিয়েছে।

আগের দিন সদরঘাট থেকে ১০৯টি লঞ্চ ছেড়ে যায় জানান মাহফুজ। অন্যদিকে লঞ্চ মালিকপক্ষও বলছে, ঈদের যাত্রায় সার্বিক প্রস্তুতি রয়েছে তাদের।

অভিযান লঞ্চের মালিক মোহাম্মদ জালাল বলেন, “যাত্রী সেবায় দুই শতাধিক লঞ্চ প্রস্তুত রয়েছে।”

রাতে টার্মিনালে কিছু যাত্রী থাকলেও ‘ভোরেই ওইসব যাত্রী লঞ্চ পেয়ে যান’ বলে মন্তব্য করেন তিনি।

“এবার ১৪ অগাস্ট থেকে গ্রামের বাড়িতে যাওয়া শুরু হয়। তাই অন্যান্য বারের মত রাতে টার্মিনালে থাকা ঘটনা নাও ঘটতে পারে।”

যাত্রী সেবায় নিজেদের প্রস্তুতি তিনি বলেন, “ সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ৭০টির বেশি লঞ্চ ঘাট ছাড়লেও আরও শতাধিক লঞ্চ রয়েছে পন্টুনে।”

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নৌ পুলিশের পুলিশ সুপার মো. আতিকুর রহমান বলেন,  “সদরঘাটকে কেন্দ্র করে নদীতে এক সাথে ১৩০ জন নৌপুলিশ দায়িত্ব পালন করছে।”

তিনি বলেন, “সোমবার সোয়া ৩টার দিকে  ৯ নম্বর পন্টুন থেকে পানিতে পড়ে আব্দুল জলিল নামে এক ঘাট শ্রমিক পায়ে ব্যাথা পেয়েছেন। একটি লঞ্চ পন্টুনে ভেড়ার সময় ওই শ্রমিক পড়ে যান। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।”

লালবাগ বিভাগের পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান বলেন,  “ঢাকা মহানগর পুলিশের ২৬৭ জন সদস্য পালাবদল করে দায়িত্ব  পালন করছে সদরঘাটে।

“পুলিশের ২৪ ও বিআইডব্লিউটিএ এর ৩২ সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক এসব এলাকা মনিটরিং করা হচ্ছে।”

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আলমগীর কবির বলেন, “সদরঘাট দিয়ে প্রায় ১৫-১৬ লাখ মানুষ গ্রামের বাড়ি ঈদ করতে যায়।”

এবছর সারা দেশে ২২ অগাস্ট পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোরবানির ঈদ।

ঈদের ছুটি শুরু হবে মঙ্গলবার থেকে। তার আগে সোমবার বিকালে ঢাকা থেকে রওনা হওয়া মানুষের ভিড় সবচেয়ে বেশি থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পুরনো খবর:

ভিড় নেই সদরঘাটে