২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবির জাতীয় শোক দিবস পালন

নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস পালন করেছে সীমান্ত রক্ষী বাহিনী- বিজিবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2018, 12:31 AM

Updated : 19 Aug 2022, 02:29 PM

বুধবার বাহিনীর সদর দপ্তরসহ সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটগুলোর মসজিদে খতমে কোরআন হয়।

জোহরের নামাজের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ অগাস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতও হয়।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিজিবির সব স্থাপনায় এদিন জাতীয় পতাকা অর্ধনমিত ছিল। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শোক শোভাযাত্রায়ও বিজিবির কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

এছাড়া বিজিবি সদর দপ্তরসহ সব ইউনিটে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

সকাল ১১টায় পিলখানায় বিজিবি সদর দপ্তরের বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

তিনি বলেন, “বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ পূরণের মাধ্যমেই এদেশের মুক্তি নিহিত আছে। আর এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য যে নিরলস পরিশ্রম করছেন তা সত্যই প্রশংসনীয়।”

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা করেন বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনিছুর রহমান। মূল আলোচক ছিলেন লেফটেনেন্ট কর্নেল শহীদুর রহমান। নায়েব সুবেদার সহকারী আব্দুর রাজ্জাক ও সিপাহী আরজিনা খাতুনও আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘অসমাপ্ত মহাকাব্য’, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ এবং বাংলাদেশ মিলিটারি একাডেরির প্রথম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়ার ভাষণ প্রদর্শন করা হয়।