হজযাত্রী পাচ্ছে না বিমান, বাতিল আরও দুটি ফ্লাইট
পর্যাপ্ত সংখ্যক যাত্রী না পাওয়ায় আরও দুটি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান।
মঙ্গলবার হজ ফ্লাইট বিজি১০৯১ এবং বিজি ৬০৯১ বাতিল করে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় আজ দুটি হজ ফ্লাইট বিজি১০৯১ এবং বিজি ৬০৯১ বাতিল করা হয়েছে।”
এ নিয়ে বিমানের ১৮টি হজ ফ্লাইট বাতিল হল বলে জানান তিনি।
এ বছর ১৪ জুলাই বিমান হজ ফ্লাইট শুরু হলেও গত মাসের প্রথম সপ্তাহ শেষেও অবিক্রিত ১২ হাজার টিকেট রয়ে যায়।
শাকিল মেরাজ বলেন, “বার বার তাগাদা দেওয়ার পরও হজ এজেন্সিগুলো যথাসময়ে টিকেট ক্রয় না করায় একের পর এক ফ্লাইট বাতিলের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে।”
যাত্রী স্বল্পতা ও ফ্লাইট বাতিলের কারণে বিমান কয়েক হাজার সিটের আয় হারিয়েছে।
