বিচারের দাবিতে ১৬ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান নেবেন সাংবাদিকরা
সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মধ্যে সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে সাজা নিশ্চিতের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবস্থান কর্মসূচি পালন করবেন সাংবাদিকরা।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের সভাপতি মোল্লা জালাল কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, ১৫ অগাস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ এবং পরদিন ১৬ অগাস্ট সাংবাদিকরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান নেবেন।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের অষ্টম দিনে গত ৫ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ধানমণ্ডিতে পুলিশের সংঘর্ষ হয়। দুপুর থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ চলার মধ্যে হেলমেট পরা একদল যুবক লাঠি ও কিরিচ নিয়ে হামলা চালায় কর্তব্যরত সাংবাদিকদের উপর।
হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন সাংবাদিকরা।
শনিবারের সমাবেশে মোল্লা জালাল বলেন, “নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুবৃর্ত্তদের হামলায় সাংবাদিকরা আহত হয়েছেন। এরপর সাংবাদিকরা ৭২ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম দিলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মধ্যে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএফইউজে ও ডিইউজের মানববন্ধন। ছবি: আসিফ মাহমুদ অভি
সংগঠনের মহাসচিব শাবান মাহমুদ বলেন, “যারা সাংবাদিকদের ওপর নগ্ন হামলা করে নিজেকে আড়াল করছেন তাদের গ্রেপ্তার না করা একটা পরিহাস। এজন্য তাদের গ্রেপ্তার করতে হবে। তাদের গ্রেপ্তার করা না হলে সাংবাদিকরা লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করে যেতে বাধ্য হবে।”
সমাবেশে বিএফইউজে সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, যুগ্ম সম্পাদক আবদুল মজিদ, কোষাধ্যক্ষ দ্বীপ আজাদ, দপ্তর সম্পাদক বরুন ভৌমিক নয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।
ঢাকা সাব এডিটরস কাউন্সিলও সমাবেশে অংশ নেয়।
আরও খবর-
