সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ১২ অগাস্ট অবস্থান কর্মসূচি
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে আগামী ১২ অগাস্ট ঢাকায় অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি সমর্থিত সাংবাদিক ইউনিয়ন।
ওই দিন ঢাকায় অবস্থানের পাশাপাশি সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচিও দেওয়া হয়েছে।
১২ জুলাই সকাল ১১টায় হবে জাতীয় প্রেস ক্লাবের সমানে অবস্থান কর্মসূচি হবে।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী।
তিনি বলেন, “গণমাধ্যমের কর্মীদের ওপর হামলা চালিয়ে, নির্যাতন করে সাংবাদিকদেরকে স্তব্ধ করা যাবে না। এভাবে গণমাধ্যমের কণ্ঠরোধ করে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারেনি, এই সরকারও টিকে থাকতে পারবে না।”
মহাসচিব এম আবদুল্লাহ বলেন, “আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সন্ত্রাসীদের যেভাবে আস্কারা দেওয়া হচ্ছে, তার পরিণাম শুভ হবে না। গত এক সাপ্তাহে রাজপথে ৪০জন সাংবাদিকের রক্ত ঝরিয়ে বিশ্বব্যাপী যে ধিক্কার কুড়িয়েছে তাতে সরকারের লজ্জিত হওয়া উচিৎ।”
ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী বলেন, “এখনও সন্ত্রাসী হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। আমরা বলে দিতে চাই, অবিলম্বে সস্ত্রাসীদের গ্রেপ্তার করুন। নইলে সাংবাদিকরা একদফার সংগ্রাম শুরু করলে কেউ রেহাই পাবে না।”
সমাবেশে ডিইউজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা, সাংবাদিক নেতা একেএম মহসিন, আবুল কালাম মানিকসহ বিভিন্ন পত্রিকার ইউনিট প্রধানরা বক্তব্য রাখেন।
