২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্মেলন থেকে রেহনুমাকে ‘ডেকে পাঠাল’ পুলিশ

আটক আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তি চেয়ে রাজধানীর ধানমণ্ডিতে এক সংবাদ সম্মেলনে আসার পর ‘পুলিশের ডাক পেয়ে’ তড়িঘড়ি চলে গেলেন তার স্ত্রী রেহনুমা আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2018, 05:06 PM

Updated : 08 Apr 2022, 06:49 PM

সোমবার বেলা ১২টার দিকে ধানমণ্ডিতে শহিদুল আলমের প্রতিষ্ঠান দৃক গ্যালারিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রেহনুমা আহমেদ সেখানে বলেন, তার স্বামীকে ‘তুলে নেওয়ার পর’ পরিবার ও আইনজীবীকে কিছু জানানো হয়নি।

তার বক্তব্যের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আনু মুহাম্মদ, মানবাধিকারকর্মী খুশী কবির, আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি, নারী অধিকার আন্দোলনের নেত্রী শিরিন হক এবং এনজিওকর্মী তাহমিনা রহমান বক্তব্য দেন।

এরপর ড. রেহনুমা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় দৃক কার্যালয়ের ফোনে ডিবি অফিস থেকে ফোন এসেছে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে কিছুটা বিরতি দিয়ে আবার কিছু প্রশ্নের উত্তর দেন তিনি।

এরপর সংবাদ সম্মেলন দ্রুত শেষ করে টেলিফোনে কথা বলে পৌনে ১টার দিকে সেখান থেকে বেরিয়ে যান শহিদুল আলমের স্ত্রী।

দৃক গ্যালারির জিএম এএসএম রেজাউর রহমান সে সময় জানান, অধ্যাপক রেহনুমাকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে। পরে তিনি বলেন, রেহনুমাকে পুলিশ সদরদপ্তরে যেতে বলা হয়েছে।

তবে রেহনুমাকে কেন ডাকা হয়েছিল, সে বিষয়ে পুলিশ কর্মকর্তাদের বক্তব্য জানা যায়নি। 

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত শনি ও রোববার জিগাতলা এলাকায় সংঘর্ষের বিষয়ে কথা বলতে বেশ কয়েকবার ফেইসবুক লাইভে আসেন শহিদুল। ওই আন্দোলনের বিষয়ে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরকারেরও সমালোচনা করেন।    

এরপর রোববার রাতে শহিদুল আলমকে তার ধানমণ্ডির বাসা থেকে উঠিয়ে নেওয়া হয় বলে তার পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়।

এরপর সোমবার সকালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আলোকচিত্রী শহিদুল আলমকে ‘জিজ্ঞাসাবাদের জন্য’ ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, “সোমবার ভোররাতে তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।”

দৃকের সংবাদ সম্মেলনে রেহনুমা আহমেদ বলেন, রোববার রাত ১টা থেকে সোমবার সাড়ে ১১টায় তিনি সংবাদ সম্মেলনে আসার আগ পর্যন্ত তার স্বামীর বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। 

“সকাল ১০টার দিকে মাইক্রোবাসে করে তাকে (ডিবি কার্যালয় থেকে) বাইরে নিয়ে যাওয়া হয়। অনেক বেশি লোক, তার চারপাশ পরিবেষ্টিত। আমি যখন এগিয়ে গেলাম, কথা বলতে চাইলাম। আমাদেরকে কিছু বলা হয়নি।”

শহিদুল আলমকে নিঃশর্তে ও অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার দাবি জানিয়ে তার স্ত্রী বলেন, “এটা অপরহণ। আইনশৃঙ্খলা বাহিনী অপহরণ করেছে। কিন্তু আইনশৃঙ্খলাবাহিনীর কি অপহরণ করার কথা? অপহরণ করে গুণ্ডারা, আমরা জানি।

“আইনশৃঙ্খলাবাহিনী যদি জোরপূর্বক ঘর থেকে ধরে নিয়ে যায়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা ও ভাষা নিয়ে আমাদের ভাবতে হবে।”

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যারা নিয়ে গেছে তাদেরকে জানাতে হবে কী কারণে এবং কোথায় তাকে নিয়ে যাওয়া হয়েছে। রাত ১টা থেকে সংবাদ সম্মেলনে আসার আগ পর্যন্ত ডিবি কার্যালয়ে ছিলাম, আমরা কিছু জানতে পারিনি। আমরা জানতে চাই, কী এমন অভিযোগে তাকে তুলে নেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে রেহনুমা বলেন, “শহিদুলকে ৩০-৩৫ জনের একটি দল অপহরণ করে নিয়ে যায়। এ সময় বাড়ির সিসি ক্যামেরা ভেঙে ফেলে তারা হার্ডডিস্ক নিয়ে যায়। সিসি ক্যামেরায় টেপ মেরে দেয়। নিরাপত্তারক্ষীকে আটকে রাখা হয়। তিনটি গাড়িতে করে তারা এসেছিল এবং কাউকে কথা বলতে না দিয়ে দ্রুত চলে যায়।”

রোববার রাতে ধানমণ্ডি থানায় সাধারণ ডায়েরি করতে গেলে সেখানেও ‘কালক্ষেপণ’ করা হয় বলে অভিযোগ করেন রেহনুমা।

তিনি বলেন, পুলিশ পরে একটি লিখিত অভিযোগ রাখলেও তা মামলা হিসাবে নথিভুক্ত করা হয়নি।