২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার উত্তরায় শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে সরকারবিরোধী স্লোগান

নিরাপদ সড়ক দাবিতে ঢাকার উত্তরায় শিক্ষার্থীদের অবস্থান থেকে সরকারবিরোধী স্লোগান উঠেছে; প্রায় সাড়ে চার ঘণ্টার ওই অবস্থানে লাঠি হাতে-সোঁটা হাতে থাকা শিক্ষার্থীরা ছিল অনেক মারমুখী।

মাসুম বিল্লাহ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2018, 01:07 PM

Updated : 19 Aug 2022, 02:25 PM

রোববার বেলা সাড়ে ১১টা থেকে উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় শুরু হয় অষ্টম দিনের মতো শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। অন্যান্য দিন লাইসেন্স ও কাগজপত্র দেখে গাড়ি ছেড়ে দিলেও এদিন ওই মোড় দিয়ে যান চলাচল ছিল পুরোপুরি বন্ধ।

একদিকে বিআরটিসির বাসা ছাড়া অন্য কোনো গণপরিবহন চলছে না, অন্যদিকে যান চলাচল একেবারে বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ওই এলাকা দিয়ে কেবল অ্যাম্বুলেন্স চলতে দেয় আন্দোলকারীরা।

অবস্থান শুরুর পর থেকে সাংবাদিকদের উপর মারমুখী অবস্থানে ছিল তারা; ছবি তোলায় বাধা দেওয়ার পাশাপাশি টেলিভিশন সাংবাদিকদের ওই এলাকা থেকে সরিয়ে দেয় আন্দোলকারীরা।

বিকাল ৪টা পর্যন্ত ওই অবস্থান কর্মসূচিতে ‘ছিঃ ছিঃ হাসিনা, লজ্জায় বাঁচি না’, ‘আমাদের দাবি মেনে নে, নয়লে গদি ছেড়ে দে’, ‘ছাত্রলীগের চামড়া তুলে নিব আমরা’, ‘গুণ্ডালীগের চামড়া তুলে নিব আমরা’, ‘দাবি মোদের একটাই, শাজাহান খানের পদত্যাগ চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার বোন কবরে, খুনি কেন উপরে’ প্রভৃতি স্লোগান দেয়।

উত্তরায় অবস্থান শুরুর এক ঘণ্টার মাথায় ‘ছাত্রলীগ হামলা করতে আসছে’ এমন গুজবে লাঠি-সোঁটা, লোহার রড প্রভৃতি হাতে নেয় আন্দোলনকারীরা। স্লোগানের ফাঁকে ফাঁকে লাঠি উঁচিয়ে উত্তেজনাও চলছিল।

আগের দিন শনিবার জিগাতলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার কারণে এমন মারমুখী হওয়ার কথা জানায় শিক্ষার্থীরা; তাদের অবস্থান নেওয়া এলাকার মধ্যে শিক্ষার্থী পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সকাল সাড়ে ১১টার দিকে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় পাঁচ শতাধিক শিক্ষার্থী রাস্তায় নামে। প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজের দিক থেকে মিছিল নিয়ে সড়কের মাঝে এসে অবস্থান নেয় একদল শিক্ষার্থী। এরপর আজমপুরের দিক থেকে আরও একটি মিছিল এসে তাদের সঙ্গে যোগ দেয়।

Image
উত্তরায় বিক্ষোভের এই চিত্র দুদিন আগের; রোববারও সেখানে বিক্ষোভ হয়

উত্তরায় বিক্ষোভের এই চিত্র দুদিন আগের; রোববারও সেখানে বিক্ষোভ হয়

বিজিএমইএ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি, উত্তরা ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলোজি, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা মডেল কলেজ, ড্যাফোডিল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক প্রভৃতি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই বিক্ষোভে দেখা গেছে।

এই শিক্ষার্থীদের অনেকেই ছিল ইউনিফর্ম পরা; আন্দোলনের মধ্যে নাশকতা ঘটাতে অন্য পক্ষ ঢুকছে বলে পুলিশের হুঁশিয়ারির প্রেক্ষাপটে পরিচয়পত্র ছাড়া কাউকে বিক্ষোভে যোগ দিতে দিচ্ছিল না এই শিক্ষার্থীরা।

কয়েকজন সাংবাদিক উত্তরা হাউজ বিল্ডিং এর ফুট ওভার ব্রিজে গিয়ে ভিডিও করতে গেলে তাদের দিতে তেড়ে আসে একদল শিক্ষার্থী। পরে আরেক দল শিক্ষার্থী এসে ওভারব্রিজ থেকে সাংবাদিকদের নামিয়ে দেয়।

এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, “গতকাল আপনারা কোথায় ছিলেন? আপনারা তো কাল কিছুই করেননি। আপনাদের আর আমাদের দরকার নাই।”

টঙ্গীর দিক থেকে আসা বিআরটিসির বাসগুলো হাউজ বিল্ডিং থেকে ঘুরিয়ে দেয় শিক্ষার্থীরা; আর এয়ারপোর্টের দিক থেকে আসা গাড়িগুলো উত্তরার আজমপুর মোড়ে কয়েকশ গজ দূরে থামিয়ে দেওয়া হয়। বিকালের দিকে সেখানে বড় ধরনের যানজট দেখা গেছে।

টঙ্গী থেকে আসা একজন চাকুরে শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টঙ্গী থেকে অনেক বলে কয়ে বাসটা আনলাম। অথচ এখানে নামিয়ে দিল। কোনো গাড়িও পাচ্ছি না। অনেক ভাড়া চাচ্ছে। হেঁটেই যেতে হবে। কী আর করা।”

গাজীপুরের চন্দ্রা থেকে গুলিস্তানের উদ্দেশে বের হওয়া প্রমি কোম্পানির মার্কেটিং ম্যানেজার আলীম হোসেন উত্তরার হাউজ বিল্ডিং এলাকা পর্যন্ত আসতে বিভিন্ন দুর্ভোগের মধ্যে পড়েন। দুপুর ২টার দিকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে তার যাত্রাপথে দুর্ভোগের বর্ণনা দেন তিনি।

তার বক্তব্য অনুযায়ী, চন্দ্রা থেকে গাজীপুরের কোনাবাড়ি পর্যন্ত ব্যাটারি চালিত অটো রিকসায় আসেন তিনি। এরপর কোনাবাড়ি থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত তাকে আসতে হয় পায়ে হেঁটে। গাজীপুর চৌরাস্তা থেকে বিআরটিসির বাসে চড়ে গুলিস্তানের পথ ধরলেও টঙ্গীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা বাসের সবাইকে নামিয়ে দেয়। এরপর কোনো বাস না পেয়ে আবার পায়ে হেঁটে উত্তরার হাউজ বিল্ডিং মোড পর্যন্ত আসেন আলীম।

আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন এখানে এসে থামলাম। দেখি ওরা রাস্তা ছাড়ে কি-না। না ছাড়লে আরেকটু সামনে এগিয়ে গাড়িতে উঠার চেষ্টা করব।”

গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাসের চাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর সড়কে নামে শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে পরদিন থেকে টানা ঢাকার সড়কে রয়েছে শিক্ষার্থীরা। জেলায় জেলায়ও অবস্থান-বিক্ষোভ চালিয়ে যায় আন্দোলনকারীরা।

পুরনো খবর:

সড়কে নেমে শিক্ষার্থীদের ‘লাইসেন্স পরীক্ষা’ চলছে