২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মগবাজারে বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মধ্যেই ঢাকার মগবাজারে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2018, 02:45 PM

Updated : 08 Apr 2022, 06:48 PM

শিক্ষার্থীদের আন্দোলন এবং মালিকদের গাড়ি না নামানোর মধ্যে শুক্রবার ঢাকার সড়কে গণপরিবহণ চলাচল খুব কম। এর মধ্যে দুপুরে মগবাজারের অয়্যারলেস গেইটে ঘটনাটি ঘটে।

ঘটনার পর উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয়।

নিহতের নাম সাইফুল ইসলাম (৩০) বলে পুলিশ জানিয়েছে। তিনি মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্স ছিলেন।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মো. মারুফ হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোল্ডেন প্লাস নামে একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ওই যুবক আহত হন। তখন আশপাশের জনতা এসে চালককে মারধর করে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়।”

ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাইফুলকে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফুলের খালা রোখসানা বেগম হাসপাতালে সাংবাদিকদের জানান, সাইফুলের বাড়ি পিরোজপুরে, ঢাকায় থাকতেন উত্তর গোড়ানে। দুই বোন এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড়।