কয়েকটি স্থানে সড়কে শিক্ষার্থীদের অবস্থান
দাবি মেনে নিয়ে সরকারের পক্ষ থেকে ঘরে ফেরার আহ্বান জানানোর পরও টানা ষষ্ঠ দিনের মতো রাজধানীর কয়েকটি এলাকায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।
গত পাঁচ দিনের মতো ব্যাপক আকারে না হলেও মিরপুর, শাহবাগ, আসাদ গেইট, উত্তরা, রায়েরবাগ এলাকায় শুক্রবার সড়কে শিক্ষার্থীদের দেখা গেছে।
বেলা পৌনে ১২টার দিকে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে অবস্থান নেয়।
তাদের একজন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র শিক্ষার্থী তাহরিম সাম্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিডিয়ায় ফোকাসড হওয়ার জন্য নয়, আমারা দাবি মেনে নেওয়ার জন্য আন্দোলন করছি।”
সড়ক নিরাপদ করতে শিক্ষার্থীরা যে নয়টি দাবি তুলেছেন, তা পূরণে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সংবাদ সম্মেলন করে জানান।
সমালোচনার মুখে থাকা নৌমন্ত্রী ও পরিবহণ শ্রমিক নেতা শাজাহান খানের বার বার ক্ষমা চাওয়ার বিষয়টি তুলে ধরে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এরপরও শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়া হবে অযৌক্তিক।
‘বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পরেও নৌমন্ত্রী শাজাহান খান কীভাবে হাসতে পারেন- এই প্রশ্ন রেখে সাম্য বলেন, “আমরা শাজাহান খানের পদত্যাগ চাই। এখানে অনেকেই বলছে, এটা বিএনপির দাবি। কিন্তু না, এটা সাধারণ ছাত্রদের দাবি। এই মন্ত্রীর পদত্যাগ চাই আমরা।”
শিক্ষার্থীদের বিভিন্ন দাবির ‘সুনির্দিষ্ট’ সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তিনি।
মনিপুর স্কুল অ্যান্ড কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বিউইবিটি, বিসিআইসি কলেজের শিক্ষার্থী মিরপুরে জড়ো হন।
সেখানে একজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাবি পূরণের বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ থেকে কোনো ঘোষণা না পাওয়ায় তারা বের হয়েছেন। তারা দাবি মেনে নেওয়ার লিখিত ঘোষণা চান।
মনিপুর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “দিয়া আর করিমের পরিবারকে ২০ লাখ টাকা করে দিলেই কি সব সমাধান হয়ে যাবে? সড়ক দুর্ঘটনা কি শেষ হয়ে যাবে? ফিটনেসবিহীন, অদক্ষ চালকরা আর গাড়ি নিয়ে রাস্তায় বের হবে না? আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকব।”
সেখানে ইডেন কলেজের শিক্ষার্থী প্রিয়া বলেন, “আমাদের মিরপুরে অহরহ সড়ক দুর্ঘটনা ঘটছে। এটা নিত্যদিনের ঘটনা। মনিপুরের একটা বাচ্চা কিছুদিন আগেই বাসের চাপায় মারা গেছে। আমার সাথের বন্ধু মারা গেছে বাসের চাপায়। এখানকার কোনো মানুষের নিরাপত্তা নাই।”
আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর ২ নম্বরে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীকে পুলিশ মারধর করে বলেও অভিযোগ করেন এই শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সঙ্গে থাকা এক অভিভাবক পারুল বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা পারি নাই দেখেই ওরা রাস্তায় নামছে। এই অবস্থার সমাধান এখন না হলে কোনোদিনই হবে না।”
মিরপুর ১০ নম্বরে আসা অনেক শিক্ষার্থীই ট্রাফিকের ভূমিকা পালন করছিলেন, অনেকে আবার পথচারীদের নির্দেশনা দিচ্ছিলেন ফুটওভার ব্রিজ ব্যবহারের।
সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড়ে কয়েকজন শিক্ষার্থী জড়ো হলেও তাদেরকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
সকাল থেকে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. আজিমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে যেন কোনো কিছু করতে না পারে সেদিকে আমরা নজর রেখেছি। শিক্ষার্থীদেরও বিষয়টি বোঝানো হচ্ছে।”
সকালে কিছু শিক্ষার্থী মিরপুর-১ নম্বরে জড়ো হয়ে মানববন্ধন করেন।
সকাল ১১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর, আড়ং ও আসাদগেইট এলাকায় অবস্থান নেয় কয়েকশ শিক্ষার্থী। তাদের কেউ মানববন্ধন করছিলেন, আবার অনেকে সড়কে নেমে গাড়িতে শৃঙ্খলার আনার কাজে কাজে যুক্ত হন।
এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
আন্দোলনকারীদের একজন তৌহিদ আসাদ বলেন, “শুক্রবার সপ্তাহিক ছুটির দিন ও বিসিএস পরীক্ষা থাকায় বড় ধরনের কর্মসূচিতে যাওয়া হয়নি। তবে গণস্বাক্ষর অভিযানের মতো কর্মসূচি করার চিন্তা করা হচ্ছে।”
গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজছাত্রের মৃত্যুর পর থেকে সড়কে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।
