আজিমপুরে চির শয়ানে সাংবাদিক মোয়াজ্জেম হোসেন
সহকর্মী, গুণমুগ্ধদের শ্রদ্ধার পর আজিমপুর কবরস্থানে শায়িত করা হয়েছে বাংলাদেশে অর্থনীতি বিষয়ক সাংবাদিকতার অন্যতম দিকপাল এ এইচ এম মোয়াজ্জেম হোসেনকে।
বৃহস্পতিবার বাদ জোহর দাফন করা হয়। এই সময়ে স্বজনরা ছাড়াও তার প্রতিষ্ঠিত সংবাদপত্র ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সাংবাদিক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথিতযশা এই সাংবাদিক বুধবার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দীর্ঘদিন ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।
মোয়াজ্জেম হোসেনের কফিন বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবে নেওয়ার পর প্রবীণ-নবীন সাংবাদিকরা ফুল দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশ, জাতীয় প্রেস ক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কফিনে ফুল দেওয়া হয়।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শ্রদ্ধা নিবেদন করে বলেন, “তিনি অর্থনৈতিক সাংবাদিকতার জগতের নক্ষত্র ছিলেন। তার এই অকালে চলে আমাদের জন্য বেদনা ও শোকের।”
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, “আমি ও মোয়াজ্জেম ভাই দুজনই ডেইলি অবজারভারে একই দিন সাংবাদিকতা শুরু করি। তিনি একজন কীর্তিমান ও মেধাবী সাংবাদিক হিসেবে তার কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন। আমরা যদি তার সততা ও পেশাদারিত্ব থেকে শিক্ষা নিয়ে চলতে পারি, তাহলে তার প্রতি সঠিকভাবে শ্রদ্ধা নিবেদন করা হবে।”
এর আগে ক্লাব প্রাঙ্গণে তার জানাজায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, ব্যবসায়ী মাহবুবুর রহমান, এ কে আজাদ, আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক শহিদুজ্জামান খান, সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, হাসান শাহরিয়ার, রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, মঞ্জুরুল আহসান বুলবুল, কাশেম হুমায়ুন, সৈয়দ আবদাল আহমেদ, এম আবদুল্লাহ, কাদের গনি চৌধুরী, আজিজুল ইসলাম ভুঁইয়া, মাইনুল আলমসহ শতাধিক সাংবাদিক অংশ নেন।
জানাজার আগে জাতীয় প্রেস ক্লাবের সহসভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের ভারপ্রাপ্ত সম্পাদক শহিদুজ্জামান খান ও প্রয়াতের একমাত্র ছেলে ফাহিম হোসেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
জাতীয় প্রেস ক্লাবে নেওয়ার আগে বড় মগবাজারের রমনা স্টেট কমপ্লেক্সে প্রাঙ্গণে মোয়াজ্জেম হোসেনের জানাজা হয়। ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও সাউথ ইস্ট ব্যাংক প্রাঙ্গণেও তার জানাজা অনুষ্ঠিত হয়।
