বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সহায়তার প্রস্তাব ব্রাজিলের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সহায়তার প্রস্তাব দিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দে অলিভিয়েরা জুনিয়র।
রাষ্ট্রদূত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন।
আলোচনায় তারা পারস্পরিক সম্ভাবনা এবং সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো খুঁজে বের করে কাজে লাগানোর উপর জোর দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।
পাঁচ বারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের রাষ্ট্রদূত বাংলাদেশে তাদের ফুটবল দলের বিপুল সমর্থনের কথা মনে করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
জোয়াও তাবাজারা বাংলাদেশের ফুটবলের উন্নয়নে খেলোয়াড়দের প্রশিক্ষণের প্রস্তাব দেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে, ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত মিকায়েল হেমনিটি উইনথার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
ইহসানুল করিম বলেন, ডেনিশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক শক্তিশালীকরণে ভূমিকা পালনের জন্য প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানান।
বিদায়ী এই রাষ্ট্রদূত শেখ হাসিার নেতৃত্বের প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের ভাবমূর্তি এখন উজ্জ্বল হয়েছে।
