২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার বিচার করতে না পারার আক্ষেপ হাসিনার

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ‘জড়িত’ জিয়াউর রহমানের বিচার করতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2018, 08:19 PM

Updated : 11 Oct 2022, 12:32 PM

জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার কৃষক লীগের রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবব্ধুকন্যা বলেন, “জিয়ার যা পরিণতি হয়েছিল, তা তার অবধারিত। তবে আমার দুঃখ একটাই যে তার বিচারটা আমি করতে পারলাম না। তার আগেই সে মরে গেল।”

পঁচাত্তরের ১৫ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর নানা ঘটনার মধ্যদিয়ে রাষ্ট্রক্ষমতা দখলকারী জিয়া ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হন।

সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যায় তৎকালীন সেনা উপপ্রধান জিয়ার হাত ছিল দাবি করে তার মরণোত্তর বিচার চেয়ে আসছেন আওয়ামী লীগ নেতারা।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মামলায় বিচারের পর সেনা কর্মকর্তা ফারুক রহমানসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ইতোমধ্যে কার্যকর হয়েছে। ফাঁসির রায় নিয়ে বিদেশে পালিয়ে আছেন আবদুর রশীদসহ কয়েকজন।

জিয়া রাষ্ট্রপ্রধান হওয়ার পর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ১২ জন সেনা কর্মকর্তাকে বিভিন্ন দেশে কূটনীতিক মিশনে চাকরি দিয়েছিলেন।

সে কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “কেন পুরস্কৃত করেছিল? জিয়া এই ঘটনার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত ছিল বলেই এই খুনিদের পুরস্কৃত করেছিল।”

খুনি ফারুক ও রশীদের বিদেশি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাতকারের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “তারা এটাও বলে, তাদের সাথে জিয়াউর রহমানের সম্পর্ক ছিল। জিয়াউর রহমানকে তারা জানিয়েছিল এবং জিয়াউর রহমান বলেছিল, ‘এগিয়ে যাও’। এবং সম্পূর্ণ সমর্থন দিয়েছিল, বলেছিল, ‘তোমরা সফল হলে আমরা আছি’।”

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার আটকে রাখা হয়েছিল দায়মুক্তি অধ্যাদেশ জারি করে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর তা বাতিল করলে বিচারের পথ খোলে।

১৯৯৮ সালের ৮ নভেম্বর বিচারিক আদালতের রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আপিল বিভাগ ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে।

পলাতক ছয়জন খুনিকে দেশে ফিরিয়ে এসে তাদের দণ্ড কার্যকরের প্রচেষ্টার কথাও বলেন শেখ হাসিনা।

“এখনও কিছু খুনি আছে বিভিন্ন দেশে। আমরা চেষ্টা করছি, তাদের ফিরিয়ে আনতে।”

তিনি বলেন, বঙ্গবন্ধুর জনপ্রিয়তায় ধস নামাতে চেষ্টা করেও সফল না হওয়ায় তাকে হত্যা করা হয়েছিল।

“যাতে সে জনপ্রিয়তা হারায়, সেজন্য বহু চেষ্টা করা হয়েছিল। কিন্তু তার জনপ্রিয়তা পাহাড়সম ছিল। কিছুতেই তার জনপ্রিয়তা কমানো যায়নি। তাকে হত্যা ছাড়া নাকি ওদের কোনো পথ ছিল না।”

একই ধারবাহিকতায় নিজের উপর হামলার কথাও বলেন আওয়ামী লীগ সভানেত্রী।

“আমার উপর বারবার আঘাত এসেছে। আরও হয়ত আসবে। আমি এসবের পরোয়া করি না। মৃত্যুকে কখনও পরোয়া করিনি। আমি শুধু এটুকু মনে করি, আমি বেঁচেই আছি; আমার বাবার অধরা কাজগুলো সম্পন্ন করতে।”

ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে এই অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সংসদ সদস্য ফজলে নূর তাপস এবং কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার সামসুল হক রেজা বক্তব্য রাখেন।