২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পাকিস্তানি নাগরিকের গাড়ি

নিয়ন্ত্রণ হারিয়ে একটি সাইকেলকে ধাক্কা দিয়ে গাড়ি সড়ক বিভাজনের ওপর উঠিয়ে দিয়েছেন এক পাকিস্তানি নাগরিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তারেক হাসান নির্ঝর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2018, 07:59 PM

Updated : 11 Oct 2022, 12:32 PM

বুধবার বিকাল চারটায় এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ে দুর্ঘটনার পর আশপাশের লোকজন তাকে ধরে নিয়ে শাহবাগ থানায় সোপর্দ করে।

তবে পাকিস্তানি ওই নাগরিক বলছেন, তার চালক গাড়ি চালাচ্ছিলেন। যদিও ঘটনাস্থলে চালককে পাওয়া যায়নি।

থানায় নেওয়ার পর জেরার মুখে বাংলায় কথা বলতে পারদর্শী পাকিস্তানি ওই নাগরিক তার নাম কাজ্জাফি বলে জানালেও পুরো নাম বলেননি। বাবার নাম বলেছেন শরীফ। ধানমন্ডি ৮/এ এলাকার ১৬ নম্বর বাসায় থাকেন বলেও জানিয়েছেন কাজ্জাফি।

থানায় সাংবাদিকরা পাকিস্তানে তার ঠিকানা জানতে চাইলে নিশ্চুপ থাকেন কাজ্জাফি। বাংলাদেশে কি করেন জানতে চাইলে ব্যবসার কথা বলেন। কিন্তু কিসের ব্যবসা তা বলেননি।  

কাজ্জাফি শুধু বলেন, “আমি তো গাড়ি চালাইনি। আমার ড্রাইভার চালাচ্ছিল। ও ভুলে ডিভাইডারের ওপর উঠিয়ে দিয়েছে। আমার ভাই আসতেছে।”

Image
দুর্ঘটনার পর কাজ্জাফিতে শাহবাগ থানায় নিয়ে যায় আশপাশের লোকজন

দুর্ঘটনার পর কাজ্জাফিতে শাহবাগ থানায় নিয়ে যায় আশপাশের লোকজন

ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাসিব মোহাম্মদ আশিক এই ঘটনায় শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বাটা সিগন্যাল হয়ে আসছিলাম। হঠাৎ দেখি এই ব্যক্তি রোড ডিভাইডারের ওপর গাড়িয়ে উঠিয়ে দিয়েছে। একটা সাইকেলকেও ধাক্কা মেরে ফেলে দিয়েছে।

“আমরা দৌড়ে গিয়ে উনাকে গাড়ি থেকে বের করলাম। পরে দেখি এক বোতল বিদেশি মদ। মদের বোতল সেখানেই ভেঙ্গে ফেলে ছাত্ররা। উনি সেখানে ছাত্রলীগের এক জয়েন্ট সেক্রেটারিকে ফোন করেন এবং আমাদের সাথে আপস করতে চেয়েছেন। এরপর আমরা তাকে থানায় নিয়ে আসি।”

এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, “ওই ব্যক্তি তার পাকিস্তানি পাসপোর্ট দেখাতে পারেননি। ঘটনাটা যেহেতু নিউ মার্কেট থানা এলাকায় ঘটেছে, আমরা তাকে সেখানে পাঠিয়ে দিয়েছি।”

তবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিউ মার্কেট থানায় যোগাযোগ করা হলে ওসি আতিকুর রহমান জানান, পাকিস্তানি ওই নাগরিককে তখনো তারা বুঝে পাননি।