ফেইসবুকে শিক্ষককে ‘কটূক্তি’, ঢাবির ৭ শিক্ষার্থী বহিষ্কার
ফেইসবুকে এক শিক্ষককে ‘কটূক্তি’ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাত শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
সোমবার বহিষ্কারের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী।
তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শিক্ষককে কটূক্তিকারীদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রথমে শৃঙ্খলা পরিষদের সভায় উপস্থাপন করা হয়।
“প্রতিবেদনটি পর্যালোচনা করে তখন সাত শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করা হয়। ১০ জুলাই সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের বিষয়টি বিভাগে ও হলে জানিয়ে দেওয়া হয়েছে।”
তিনি জানান, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাইরুন নিসাকে এক বছর, একই শিক্ষাবর্ষের উম্মে হাবিবা তানজিলাকে ছয় মাস, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মিনহাজুল আবেদিনকে এক বছর, একই শিক্ষাবর্ষের সামিরা মাহজাবিন ও ফাতিমাকে ছয় মাস করে এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ-হীল-বাকী ও অদিতি সরকারকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
