২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় নিহত ২ শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

ঢাকার বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে এক সপ্তাহের মধ্যে পাঁচ লাখ টাকা করে তাৎক্ষণিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

ও আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2018, 05:17 PM

Updated : 11 Oct 2022, 12:32 PM

পুরনো খবর:

বাস চাপায় ২ শিক্ষার্থীর মৃত্যু: বিমানবন্দরে সড়ক অবরোধ করে বিক্ষোভ
বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু

জাবালে নূর পরিবহন কর্তৃপক্ষকে এই ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

ক্ষতিপূরণের অর্থ নিহতদের পরিবার পেল কিনা তা নিশ্চিত করে পরবর্তী শুনানির দিন ১২ অগাস্ট প্রতিবেদন দিতে বলা হয়েছে বিআরটিএকে।

এছাড়াও এ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে জাবালে নূর পরিবহনকে চিকিৎসা ব্যয় বহন করারও নির্দেশ দিয়েছে আদালত।

নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে সোমবার জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ রুলসহ এই আদেশ দেয়।

আদালতে রিটকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন, সহকারী অ্যাটর্নি জেনারেল ফরিদা ইয়াসমিন ও মো. মিজানুর রমান।

রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনার, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এবং জাবালে নূর পরিবহন কর্তৃপক্ষকে বিবাদী করা হয়।

আইনজীবী কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মর্মান্তিক দুর্ঘটনা রোধে বিদ্যমান ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে নিরাপদ যাত্রী পরিবহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত শিক্ষার্থী আব্দুল করিম ও দিয়া খানম মিমের পরিবারকে দুই কোটি করে মোট চার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।”

তিনি বলেন, “আদালত দুই পরিবারকে তাৎক্ষণিক ক্ষতিপূরণ বাবদ জাবালে নূর পরিবহনকে এক সপ্তাহের মধ্যে ৫ লাখ টাকা করে দেওয়ার পাশাপাশি গণপরিবহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স কোন যোগ্যতার ভিত্তি দেওয়া হয় এবং সড়কে চলাচলকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএ কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করতে বিআরটিএকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই প্রতিবেদনটিও আগামী ১২ আগস্টের মধ্যে দিতে বলা হয়েছে।

রোববার বিমানবন্দর সড়কের বাম পাশে বাসের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জাবালে নূর পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিমের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

Image
ঢাকার বিমানবন্দর সড়কে রোববার বাসচাপায় দুই ছাত্রের মৃত্যুর খবরে রাস্তায় নেমে গাড়ি ভাংচুর করেন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ছবি: মাহমুদ জামান অভি

ঢাকার বিমানবন্দর সড়কে রোববার বাসচাপায় দুই ছাত্রের মৃত্যুর খবরে রাস্তায় নেমে গাড়ি ভাংচুর করেন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ছবি: মাহমুদ জামান অভি

দুর্ঘটনার পর রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। ভাংচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। রোববারও বিমানবন্দর সড়ক আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ ঘটনায় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর আইনজীবী রুহুল কুদ্দুস কাজল সোমবার দুপুরে বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে উপস্থাপন করে স্বতঃপ্রণোদিত রুল ও নির্দেশনা চাইলে আদালত তাকে বাদি হয়ে রিট আবেদন করতে বলে।

একই সঙ্গে ওই দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে খোঁজ-খবর নিতে সংশ্লিষ্ট আদালতের সহকারি অ্যাটর্নি জেনারেল ফরিদা ইয়াসমিনকে মৌখিকভাবে নির্দেশ দেয়।

আদালতের নির্দেশনা অনুযায়ী হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন কাজল।

রিটের আরজি অনুযায়ী, কুর্মিটোলার এ মর্মান্তিক দুর্ঘটনায় জাবালে নূর পরিবহনের দায় নিরূপনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালকের প্রতি নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

রিটকারী আইনজীবী কাজল বলেন, “তদন্তে অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালককে সহযোগিতা করবেন ঢাকার অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) এবং বিআরটিএর চেয়ারম্যান। তাদেরকে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।”

মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ সেপ্টেম্বর দিন ঠিক করেছে ঢাকার মহানগর হাকিম আদালত।

সোমবার মামলার এজাহার আদালতে এলে তা গ্রহণ করে মহানগর হাকিম এ এইচ এম তোয়াহা ক্যান্টনমেন্ট থানার এসআই রিয়াদ আহমেদকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

দুর্ঘটনায় মারা যাওয়া দুই ছাত্রীর একজন একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর আলম রোববার রাতেই ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন। নিহত অন্য শিক্ষার্থী হলেন দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজীব।

দুটি বাসের পাল্লা দেওয়ার মধ্যে জাবালে নূর পরিবহনের একটি বাস জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের উপর উঠে গেলে ঘটনাস্থলেই দিয়া ও রাজীব মারা যান।

র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান জানিয়েছেন, দুজন চালক এবং দুজন সহকারীকে গ্রেপ্তার করেছেন তারা।

তবে তাদের নাম-পরিচয় তিনি প্রকাশ করেননি।