মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেড়েছে
চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার গত বছরের এই সময়ের চেয়ে ৩ দশমিক ৩৮ শতাংশ পয়েন্ট বেড়েছে বলে মন্ত্রিসভাকে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০১৮ সালের দ্বিতীয় ত্রৈমাসিক (এপ্রিল থেকে জুন) প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এন এম জিয়াউল আলম জানান, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত নয়টি মন্ত্রিসভা বৈঠকে ৮৪টি সিদ্ধান্ত হয়। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ৬৩টির, ২১টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৫ শতাংশ।
গত বছরের এপ্রিল থেকে জুন মাসে নয়টি মন্ত্রিসভা বৈঠক হয়েছে জানিয়ে সচিব বলেন, ওই সময়ে সিদ্ধান্ত হয় ৭৪টি, যার মধ্যে বাস্তবায়িত হয়েছে ৫৩টি। আর ২১টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। বাস্তবায়নের হার ছিল ৭১ দশমিক ৬২ শতাংশ।
জিয়াউল জানান, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে দুটি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ), তিনটি নীতি বা কর্মকৌশল অনুমোদিত হয়েছে। আর সংসদে পাস হয়েছে আটটি আইন।
আর ২০১৭ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে ১১টি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ), দুটি নীতি বা কর্মকৌশল অনুমোদিত হয়েছিল। ওই সময়ে সংসদে পাঁচটি আইন পাস হয়।
