সিলেটের দুই কেন্দ্রে ইভিএম, ভোটার ৪৫১৩
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এবার ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন একটি ওয়ার্ডের চার হাজার ৫১৩ জন ভোটার।
সোমবার সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আম্বরখানা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের দুটি কেন্দ্রে ইলেট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটের ব্যবস্থা করা হয়েছে।
এ দুটি কেন্দ্রে দুই হাজার ৫৫৬ জন পুরুষ এবং এক হাজার ৯৫৭ জন নারী ভোটার রয়েছেন।
হাউজিং এস্টেট, মনিপুরীপাড়া এবং দত্তপাড়ার ভোটাররা এই দুটি কেন্দ্রে ভোট দিবেন।
এর আগে ২০১৩ সালের সিটি করপোরেশন নির্বাচনে মদনমোহন কলেজ কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়ার ব্যবস্থা ছিল।
নির্বাচনের আগের দিন রোববার আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইভিএম যন্ত্রপাতি নেওয়া হয়েছে।
এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. আক্তারুজ্জামান সিলেট মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রোগ্রামার।
ইভিএমে পরীক্ষামূলক ভোটে অংশ নেন ভোটাররা
“এটি ভালো একটি পদ্ধতি। আমি নিজেই প্রোগ্রামার হওয়ায় বিষয়টি নিয়ে ভালোই ধারণা আছে। এছাড়া এখানে যারা আছেন বেশিরভাগই প্রযুক্তিজ্ঞান সম্পন্ন। ইভিএমে ভোটারদের অভ্যস্ত করতে গতকালও মক ভোটিং করা হয়েছে।”
ভোটের প্রস্তুতি দেখতে কেন্দ্রের বাইরে জড়ো হয়েছিলেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তারা জানালেন, নতুন পদ্ধতিতে ভোট দিতে উৎসাহী তারাও।
হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা মো. বাবুল জানান, গতকাল পরীক্ষামূলকভাবে ইভিএমে ভোট দিয়েছেন তিনি। ভোটের এ বিষয়টি তার কাছে বেশ ভালো লেগেছে।
“খুব সুন্দর লাগছে। অনেক সহজ হইছে। আমার ইচ্ছামতো, স্বাধীনমতো ভোট দিলাম। আর কারও আমার ভোট দেওয়ার সুযোগ নাই।”
এ স্কুলের অফিস সহকারী চন্দন কুমার দাস জানালেন, তিনিও পরীক্ষামূলক ভোটে অংশ নিয়েছিলেন।
“ভোটের কার্ড দেখছি, ফিঙ্গার ক্যামনে দেওয়া লাগে দেখছি। এইখানে অনেক মহিলারা আইছিল, তারাও দেখলাম খুশি।”
ইভিএমে জাল ভোট দেওয়ার সুযোগ নাই, এজন্য এই পদ্ধতিতেই ভোট নেওয়ার পক্ষে রায়হান উদ্দিন নামের আরেক বাসিন্দা।
আঞ্চলিক ভাষায় তিনি বলেন, “এর আগে কাড (কার্ড) দিয়া বুট (ভোট) দিসি, হেতাও জাল অইছুইন। হেতাও বদলাইয়া গেছুইন। সব কেন্দ্রত যুদি ইলান অইত, বালা অইত, তাইলে বুট জাল অইত না।”
