দুর্বলতা ঢাকতে বিএনপির অমূলক কথা: কামরান
বিএনপি প্রার্থীর নানা অভিযোগের মধ্যেই সিলেটে শান্তিপূর্ণ ভোটের আশা করছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।
এই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের আগের দিন রোববার সকালে মির্জা জাঙ্গাল এলাকায় নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে কামরান সাংবাদিকদের বলেন, “বিএনপি এখন জনবিচ্ছিন্ন, তাই তারা অমূলক কথাবার্তা বলছে। মিথ্যা অভিযোগের কথা বলে নিজেদের দুর্বলতা প্রকাশ করছে তারা।”
ভোটে জিতে পাঁচ বছর মেয়রের দায়িত্ব সামলানোর পর সিলেটে ২০১৩ সালে যার কাছে হেরেছিলেন কামরান; এবারও নির্বাচনের তার প্রধান প্রতিদ্বন্দ্বী সেই আরিফুল হক চৌধুরী।
বিএনপি প্রার্থী আরিফুল রোববারও রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়ে অভিযোগ করে আসেন পুলিশের বিরুদ্ধে। সেই সঙ্গে কিছু কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা পরিবর্তন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তবে রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামান বিশ্বাস সাংবাদিকদের বলেছেন, “আমার নির্বাচনী এলাকায় সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে। আগের নির্বাচনের মতো এবারের নির্বাচন হবে না।”
কামরান বলেন, “২০১৩ সালের নির্বাচনে কি কোনো কেন্দ্র দখল হয়েছে? হয়নি। এবারও এমন কিছু হওয়ার আশঙ্কা নেই। অহেতুক অভিযোগ তুলে সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো মানে হয় না। মানুষ এসব নাটক বুঝে গেছে।”
নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে আওয়ামী লীগ প্রার্থী বলেন, “আশা করছি, মানুষের রায়ে আবারও সিলেট সিটির মানুষের খেদমত করার সুযোগ পাব।”
নির্বাচনের আগের দিন প্রার্থীদের কোনো গণসংযোগ ছিল না। বিকালে হজরত শাহজালাল (র.) এর মাজারে যান কামরান। সেখানে আসরের নামাজ পড়ে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তিনি বলেন, “বিপুল উৎসাহ নিয়ে লোকজন আশা নিয়ে আছে কালকে সিটি নির্বাচনে ভোট দিতে।”
