ইয়াবাসহ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
ইয়াবা পাচারের অভিযোগে কক্সবাজারের এক মাদ্রাসা শিক্ষককে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
মোসলেম উদ্দিন (৪৫) নামে ওই শিক্ষককে শুক্রবার রাতে গ্রেপ্তারের সময় তার কাছে ২৪০০ ইয়াবা ট্যাবলেটও পাওয়া গেছে বলে র্যাব জানিয়েছে।
কক্সবাজারের মহেশখালীর একটি মাদ্রাসার শিক্ষক মোসলেম নিয়মিত বিমানে করে ইয়াবা ঢাকায় নিয়ে আসতেন বলে র্যাবের দাবি।
শনিবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার এক মাদক ব্যবসায়ীর কাছে মোসলেমের বিষয়ে তথ্য পাওয়া গিয়েছিল। এরপর তাকে অনুসরণ করে গ্রেপ্তার করা হয়।
“সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামার পর তাকে চিহ্নিত করে অনুসরণ করে র্যাবের একটি দল। পরে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার চিটাগাং রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
“তাকে জিজ্ঞাসাবাদে ইয়াবা বহনের কথা অস্বীকার করলে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার পর তার দেহের ভেতর ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়।”
মোসলেমের পায়ুপথে তিনটি পোটলায় ইয়াবাগুলো লুকানো ছিল বলে র্যাব জানিয়েছে।
মোসলেমকে উদ্ধৃত করে র্যাব বলছে, প্রতিটি ইয়াবা বহনের জন্য সে ১৩ টাকা করে পেতেন।
