২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যালারি কায়ার জন্মদিনে সাত দশকের চিত্রকর্ম

প্রেম, প্রকৃতির সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য সংযোগ, মানবতার বন্দনা, যাপিত জীবনের হালহকিকত, ঋতুর পালাবদলে মাতৃভূমির রূপবদলের গল্প উঠে এল চিত্রকলার অনিন্দ্য সব মাধ্যমে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2018, 10:07 PM

Updated : 11 Oct 2022, 12:31 PM

মূর্ত বা বিমূর্ত ধারায় কখনো ফুটে উঠল দেশ-কালের কথা, সমাজ ও রাজনীতির নানা গল্প।

বাংলাদেশ ও ভারতের ৩৬ জন শিল্পীর ৬৫টি আধুনিক ও সমসাময়িক শিল্পকর্ম নিয়ে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্যালারি কায়া আয়োজন করেছে ‘ফোরটিনথ অ্যানিভারসারি এক্সিবিশন’।

Image
১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্যালারি কায়ায় অড্ডায় মেতেছিলেন বিশিষ্টজনরা। ছবি: মাহমুদ জামান অভি

১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্যালারি কায়ায় অড্ডায় মেতেছিলেন বিশিষ্টজনরা। ছবি: মাহমুদ জামান অভি

তাদের আঁকা সাত দশকের ছবি নিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনীটি।

এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে এডিএন গ্রুপ, অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

শুক্রবার বিকালে এই প্রদর্শনী উপলক্ষে গ্যালারি কায়ায় এসেছিলেন প্রবীণ-নবীন চিত্রশিল্পীরা।

‘ফোরটিনথ অ্যানিভারসারি এক্সিবিশন’- এ ঠাঁই পেয়েছে উপমহাদেশের প্রখ্যাত চিত্রকর মকবুল ফিদা হুসেনের আঁকা ৫টি ছবি। তার আঁকা এসব ছবিতে উঠে এসেছে মাতৃত্ব ও মানবতার গল্প।

এগুলোর মধ্যে রয়েছে ১৯৮২ সালে লিথোগ্রাফে আঁকা ‘মা’ এবং অফসেট লিথোগ্রাফে আঁকা ‘হিউম্যান স্পেস সিরিজ’।

Image
গ্যালারি কায়ার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ছবি: মাহমুদ জামান অভি

গ্যালারি কায়ার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ছবি: মাহমুদ জামান অভি

রয়েছে আরেক প্রখ্যাত চিত্রশিল্পী কে জি সু্ব্রামানিয়ামের লিথোগ্রাফ ও চারকোলে আঁকা শিরোনামহীন দুটি ছবি।

মূর্তজা বশীরের পেনে আঁকা ‘ড্রয়িং-টু’, তেলরঙে আঁকা ‘ফেইস’, জলরঙে আঁকা ‘ল্যান্ডস্কেপ’, পেন মিডিয়ামে আঁকা ‘ড্রয়িং’ ছবিগুলো ঠাঁই পেয়েছে এখানে। বর্ষীয়ান এই শিল্পীর এসব ছবিতে শিল্পীর একান্ত ভাবনার ভুবন, প্রকৃতিপ্রেমের কথা উঠে এসেছে।

লিথোগ্রাফে আঁকা ‘জেলে’, মিক্সড মিডিয়ায় আঁকা ‘টোকাই’, সেরিগ্রাফে আঁকা ‘কাক’ সিরিজের ছবি নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছেন প্রবীণ চিত্রশিল্পী রফিকুন নবী।

সমুদ্রতটের দৃশ্য এঁকেছেন ভাস্কর হামিদুজ্জামান খান,  অ্যাক্রেলিকে আঁকা ‘সি স্কেপ’, ‘দ্য বিচ’ শিরোনামের দুটি ছবি রয়েছে গ্যালারি কায়ায়।

চারুকলার অধ্যাপক শেখ আফজাল হোসেনের চারকোলে আঁকা ‘ফ্রম দ্য রিভার ব্যাঙ্ক’, ‘আইসোলেশন’, ‘হোমেজ’ ছবিগুলোতে প্রকৃতি ও মানবতার গল্প উঠে এসেছে।

Image
গ্যালারি কায়ার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ছবি: মাহমুদ জামান অভি

গ্যালারি কায়ার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ছবি: মাহমুদ জামান অভি

প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে হাশেম খানের মিক্সড মিডিয়াতে আঁকা সিরিজ ছবি ‘নিসর্গ’। সদ্য আঁকা এসব ছবিতে ফুটে উঠেছে ষড়ঋতুর পালাবদলের নানা রূপ।

গ্যালারি কায়ার প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এসে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যবসায়িক দিক থেকে বলি আর সাংস্কৃতিক চর্চার দিক থেকেই বলি, একটা গ্যালারি এতদিন এভাবে সচল রাখা কিন্তু একটা বিরাট আন্দোলনের মতো ব্যাপার। গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী এমন একটি আয়োজন করতে পেরেছে। যথাযথ পৃষ্ঠপোষকও তারা পাচ্ছে (এডিএন গ্রুপ গ্যালারি কায়ার আয়োজনগুলোতে পৃষ্ঠপোষকতা করছে)।

“রাজধানীর উত্তরে গ্যালারিটি শিল্পীদের অন্যতম প্রিয় গন্তব্যস্থলে পরিণত হচ্ছে।”

Image
১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্যালারি কায়ায় প্রদর্শনী দেখছেন একজন। ছবি: মাহমুদ জামান অভি

১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্যালারি কায়ায় প্রদর্শনী দেখছেন একজন। ছবি: মাহমুদ জামান অভি

এবারের প্রদর্শনীতে রয়েছে এচিংয়ে আঁকা মনিরুল ইসলামের একটি শিরোনামহীন ছবি। এই ছবিতে ফুটে উঠেছে সমসাময়িক রাজনীতির কথা।

মনিরুল ইসলাম বলেন, “ইলেকট্রিক, ভিজ্যুয়াল ও কনসেপচুয়াল নানা থিওরিতে ছবি আঁকাআঁকি হচ্ছে। আর্টের গ্লোবালাইজেশন হচ্ছে। মূর্ত হোক বা বিমূর্ত; আমাদের দর্শকের রুচির বদলও কিন্তু ঘটছে। তারা একই ধাঁচের ছবি দেখতে চায় না। তারা বিচিত্রতা খুঁজে। তারপরই না চিত্রকর্ম কিনতে আগ্রহী হয় তারা।

“গ্যালারি কায়া এই বিষয়টি মাথায় রেখে সাত দশকের ছবি নিয়ে প্রদর্শনী সাজিয়েছে, যাতে প্রবীণদের সঙ্গে নবীনদেরও নানা ছবি ঠাঁই পেয়েছে। এমন প্রদর্শনী সচরাচর দেখি না।”

Image
১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্যালারি কায়ায় প্রদর্শনী দেখছেন একজন। ছবি: মাহমুদ জামান অভি

১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্যালারি কায়ায় প্রদর্শনী দেখছেন একজন। ছবি: মাহমুদ জামান অভি

জলরঙে আঁকা ‘নাইট মার্কেট’, মিক্সড মিডিয়াতে আঁকা ‘ইনট্রোস্কেপশন’,  ইনডিজেনিয়াস পিগমেন্টে আঁকা ‘গার্ল অ্যান্ড স্পেস’ ছবিগুলো নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছেন প্রবীন চিত্রশিল্পী রনজিৎ দাস।

তিনি বলেন, “আমরা চিত্রশিল্পীরা মার্কেটের কথা বিবেচনা করে কখনো ছবি আঁকি না। মনের খোরাকে আঁকি। গ্যালারি কায়া সেসব ছবির খোঁজই করে। প্রবীণের সঙ্গে নবীনকেও সমান গুরুত্ব দেয় তারা। চিত্রকলা চর্চায় এভাবেই তো উপকৃত হই আমরা।”

আবদুস শাকুর শাহর ‘ভিলেজ পয়েট্রি’ শিরোনামের একটি ছবি রয়েছে গ্যালারি কায়ার প্রদর্শনীতে।

Image
গ্যালারি কায়ার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ চিত্রকলা প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা। ছবি: মাহমুদ জামান অভি

গ্যালারি কায়ার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ চিত্রকলা প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা। ছবি: মাহমুদ জামান অভি

তিনি বলেন, “সমাজ, রাজনীতি, দেশ-কালের কথা ভেবে শিল্পীরা ছবি আঁকছেন। শিল্পবোধের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও সমান গুরুত্বপূর্ণ। ১৯৮৬ সালের পর আমাদের চিত্রকলার ধারায় এসেছিল পরিবর্তন। চিত্রশিল্পীদের অধিকাংশ তখন বামধারায় বিশ্বাসী ছিল, সমসাময়িক রাজনীতির কথাও ফুটে উঠত তাদের ছবিতে।

“এখনো অনেকে ছবিতে রাজনীতির গল্প বলেন। তবে মাথায় রাখা উচিৎ, দেশকে আপনি কি দিচ্ছেন?”

প্রদর্শনীতে গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তীর জলরং ও চারকোলে আঁকা ‘হাতি’ সিরিজের ছবি রয়েছে।

এছাড়াও প্রদর্শনীতে অজিত শীলের রিলিফ প্রসেসে আঁকা ‘নেচার’, ‘মার্সি’, ‘উইঅ্যাড অ্যান্ড ওয়ান্ডারফুল’,‘হায়ারেসি’ ছবিগুলো ঠাঁই পেয়েছে।

এছাড়া প্রদর্শনীতে আলপ্তগীন তুষার,আহমেদ শামসুদ্দোহা,আনিসুজ্জামান, আশরাফুল হাসান, জামাল আহমেদ, নাজলী নায়লা মনসুর, সমরজিৎ রায় চৌধুরী,চন্দ্রশেখর দে, অতীন বসাক, অতুল দোদিয়া, শম্ভু আচার্য, রতন মজুমদারের ছবি ঠাঁই পেয়েছে।

প্রদর্শনী চলবে ১২ অগাস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী।