২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে পরিবারের সান্নিধ্যে জয়

আটচল্লিশ বছরে পা রাখলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2018, 07:18 PM

Updated : 11 Oct 2022, 12:31 PM

মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৭ জুলাই অবরুদ্ধ ঢাকায় পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও  শেখ হাসিনার প্রথম সন্তান জয়ের জন্ম হয়। বিজয়ের পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান।

বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নিজের ফেইসবুক পেইজে মন্তব্য লেখেন জয়। এবারও জানিয়েছেন জন্মদিনের অনুভূতি, বলেছেন পরিবারের সাথে থাকার কথা।

ফেইসবুকে তিনি লিখেছেন, “আমার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। এখন আমার পরিবারের সাথে সময় কাটাচ্ছি। মা জিজ্ঞেস করছিলো আমার জন্য কি রান্না করবে। খাওয়া দাওয়ার ব্যাপারে আমি খুঁতখুঁতে না, মা'র হাতের সকল রান্নাই আমার পছন্দ।”

আইটি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় এখন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর জয় মায়ের সঙ্গে জার্মানি হয়ে ভারতে যান। তার শৈশব-কৈশোর কেটেছে ভারতে।

নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে লেখাপড়ার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর করেন তিনি।

২০০২ সালের ২৬ অক্টোবর ক্রিস্টিন ওভারমায়ারকে বিয়ে করেন জয়। তাদের একটি মেয়ে আছে।

২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি জয় রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।