গুলশান হামলার অভিযোগপত্র যাচ্ছে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে
বহুল আলোচিত গুলশান হামলার অভিযোগপত্র গ্রহণের পর বিচার শুরুর প্রক্রিয়া গ্রহণে মামলাটি ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে পাঠিয়েছে মহানগর হাকিম আদালত।
দুই বছর আগের এই জঙ্গি হামলার ঘটনায় আটজনকে আসামি করে গত ২৩ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
বৃহস্পতিবার অভিযোগপত্রটি ঢাকার মহানগর হাকিম নূরুন্নাহার ইয়াসমিনের আদালতে উপস্থাপিত হলে তিনি ‘দেখিলাম’ বলে সই করে তা মুখ্য মহানগর হাকিমের কাছে পযর্বেক্ষণের জন্য পাঠিয়েদেন।
পযর্বেক্ষণ শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) সাইফুজ্জামার হিরো মামলাটি সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন বলে ঢাকার আদালতে পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
আগামী রোববার অভিযোগপত্রসহ মামলার নথি ট্রাইব্যুনালে স্থানান্তর হবে। ট্রাইব্যুনাল অভিযোগপত্রটি পযর্বেক্ষণ এবং রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে মামলা আমলে নেবেন। সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে জজ হিসেবে রয়েছেন মুজিবুর রহমান।
সন্ত্রাসবিরোধী আইনের এ মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অনূর্ধ্ব ২০ বছর কারাদণ্ড।
এই মামলা থেকে আবুল হাসনাত রেজাউল করিমের অব্যাহতির আবেদনের শুনানিও হবে ট্রাইব্যুনালে।
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক সন্ত্রাসবিরোধী আইনের এই মামলায় গ্রেপ্তার হয়ে এখনও কারাগারে রয়েছেন।
তার পক্ষে বৃহস্পতিবারও জামিনের আবেদন জানানো হয়েছিল ঢাকার মহানগর হাকিম আদালত। তবে হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী সেই আবেদন নাকচ করেন বলে হাসনাতের আইনজীবী হাসিব উর রশীদ জানিয়েছেন।
হামলাকারী পাঁচজন
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবীর অভিযোগপত্রে আট আসামির মধ্যে ছয়জন কারাগারে এবং দুজন পলাতক বলে উল্লেখ করেছেন।
কারাগারে থাকা ছয় আসামি হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান এবং হাদিসুর রহমান সাগর।
পলাতক দুই আসামি হলেন- শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন। তাদের বিরুদ্ধে অভিযোগপত্রে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে।
বিচার প্রক্রিয়ার শুরুতে পলাতক আসামিদের গ্রেপ্তার করা গেল কি না, পুলিশের কাছে সেই প্রতিবেদন চাওয়া হবে। প্রতিবেদন চাওয়া হবে তাদের সম্পত্তি ক্রোকের পরোয়ানার বিষয়েও।
শুনানির সময় কারাগারে থাকা আসামিদেরও ট্রাইবুনালে হাজির করা হবে।
এই হামলায় জড়িত হিসেবে মোট ২১ জনকে চিহ্নিত করেছে পুলিশ। এর মধ্যে ১৩ জন বিভিন্ন অভিযানে নিহত হওয়ায় তাদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তদন্তকারী কর্মকর্তা।
এর মধ্যে পাঁচজন হলি আর্টিজান বেকারিতে কমান্ডো অভিযানেই নিহত হয়েছিলেন, যারা হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন।
ওই পাঁচজন হলেন- রোহান ইবনে ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, নিবরাজ ইসলাম, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল ইসলাম ওরফে পায়েল।
বিভিন্ন ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে নিহতরা হলেন- তামীম আহমেদ চৌধুরী, নুরুল ইসলাম মারজান, তানভীর কাদেরী, জাহিদুল ইসলাম ওরফে মুরাদ, রায়হান কবির তারেক, সারোয়ান জাহান মানিক, বাশারুজ্জামান ওরফে চকলেট ও মিজানুর রহমান ওরফে ছোট মিজান।
এরা এখন স্মৃতির পাতায়; গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন তারা
আন্তর্জাতিক অঙ্গনেও ঝড় তোলা ওই হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে পুলিশ, যার তদন্ত শেষ করতে দুই বছর সময় নেয় কাউন্টার টেররিজম ইউনিট।
অভিযোগপত্রে বলা হয়েছে, নব্য জেএমবির জঙ্গিরা ছয় মাস ধরে পরিকল্পনা করে ওই হামলা চালিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল, দেশকে ‘অস্থিতিশীল’ করা, বাংলাদেশকে একটি ‘জঙ্গি রাষ্ট্র’ বানানো।
মামলায় সাক্ষী করা হয়েছে মোট ২১১ জনকে। তাদের মধ্যে ১৪৯ জন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওই ঘটনা সম্পর্কে জানেন। প্রতিবেদনের সঙ্গে সব মিলিয়ে ৭৫টি আলামত আদালতে পাঠানো হয়েছে।
