আ. লীগ নেতারা ডিসিদের কাজে হস্তক্ষেপ করে না: ভূমিমন্ত্রী
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা জেলা প্রশাসকদের (ডিসি) কাজে হস্তক্ষেপ করেন না বলে দাবি করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
ডিসি সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে ভূমি মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে মন্ত্রী একথা বলেন।
সরকারি দলের নেতাদের হস্তক্ষেপে বিভিন্ন জেলায় বেদখল অনেক জমি উদ্ধার করা যাচ্ছে না বলে অভিযোগের বিষয়টি তুলে ধরে একজন সাংবাদিক জানতে চান, ডিসিরা এ বিষয়ে কিছু বলেছেন কি না?
জবাবে ভূমিমন্ত্রী বলেন, “এটা ঠিক না। …রুলিং পার্টির (সরকারি দলের) কেউ ডিসিদের কাজে হস্তক্ষেপ করে না।”
বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় সরকারি জমিতে থাকা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “যদি সেরকম কিছু থাকে তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জানান, ভূমি ব্যবস্থাপনা যেন সঠিক ও আইনগতভাবে হয় সে বিষয়ে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। ভূমি প্রশাসনে মানুষের হয়রানি কমানোর জন্য যে বিধি-বিধান, আইন-কানুন ও সরকারের নির্দেশনা রয়েছে সেগুলো সঠিকভাবে বাস্তবায়নের জন্য তাদেরকে বলা হয়েছে।
“আমরা ব্রিটিশ ও পাকিস্তানিদের শাসন ব্যবস্থার উত্তরাধিকারী, সেই সময় থেকে প্রত্যেকটি ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে এই সব জনগণের অস্বস্তিকর ও কষ্টদায়ক বিষয়গুলো প্রবেশ করেছে। এগুলো আমরা অনেকটা দূর করে ফেলেছি।”
জেলা প্রশাসকদের জনসেবার নিরিখে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান শামসুর রহমান।
তিনি বলেন, বাংলাদেশে যত মামলা আছে এর ৮০ থেকে ৮৫ ভাগ ভূমি সংক্রান্ত। এই মামলা নিষ্পত্তিতে অনেক জটিল সমস্যায় সম্মুখীন হতে হয়।
“ভাই ভাইকে বাদ দিয়ে জমি রেকর্ড করে নেয়। জমি সংক্রান্ত ৮০ ভাগ মামলা একেবারে আপনজনদের ভেতরে, শরীকদের ভেতরে, নিজের গোষ্ঠীর ভেতরে। ভূমির অধিকার সুরক্ষিত করে খুব সুন্দর আইন-কানুন আছে।”
সরকারি জমি সংক্রান্ত মামলা কমিয়ে আনা হয়েছে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, আমরা সম্পূর্ণভাবে দূর করতে চাই, দূর না করা পর্যন্ত হয়রানির অবসান হবে না। দূর করতে বিস্তৃত পরিকল্পনা নেওয়া হয়েছে। আপনারা ডিজিটাইজেশনের কথা শুনেছেন। ল্যান্ড ম্যানেজমেন্ট ও ল্যান্ড সেটেলমেন্টের জন্য আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ভূমি ব্যবস্থাপনা ও সেলেটমেন্ট ব্যবস্থা ডিজিটাইশনে কত বছর লাগবে- এমন প্রশ্নে শামসুর রহমান বলেন, অস্ট্রেলিয়ার ২০ বছর লেগেছিল, ইন্ডিয়া এখনও সম্পন্ন করতে পারেনি। আমাদের পাঁচ থেকে সাত বছর লাগবে টোটাল সিস্টেমটি ডিজিটাইজেশন করতে।
