ডিসিদের সঙ্গে জনপ্রতিনিধিদের মতদ্বৈততা হয়, দ্বন্দ্ব নয়: মন্ত্রী
স্থানীয় জনপ্রতিনিধের সঙ্গে জেলা প্রশাসকদের (ডিসি) কোনো সমন্বয়হীনতা নেই দাবি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বলছেন, তাদের মধ্যে কখনও কখনও মতদ্বৈততা হলেও তা ‘বড় কিছু নয়’।
ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত কার্য-অধিবেশন শেষে খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।
স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে ডিসিদের সমন্বয়হীনতা আছে কি না- সেই প্রশ্নে মোশাররফ বলেন, “কিছু কিছু মতদ্বৈত্যতা দেখা দেয়, কিন্তু সমন্বয়হীনতা আছে এ রকম খবর কিন্তু আমার কাছে নাই।
তিনি বলেন, “মতদ্বৈততা তো আমার সাথে আমার সচিবেরও হয়, সেইটা তো বড় বিষয় না।”
জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতি হিসেবে চেয়ারম্যানসহ অন্য জনপ্রতিনিধিদের সঙ্গে জেলার প্রশাসনিক নির্বাহীর দায়িত্বে থাকা ডিসিদের দ্বন্দ্বের বিষয়টি বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে এসেছে। গতবছর ডিসি সম্মেলনে কয়েকজন জেলা প্রশাসক বিভিন্নভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনেও আনেন।
তবে সরকারের পক্ষ থেকে বরাবরই জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে, যেন তারা স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মিলেমিশে কাজ করেন।
অনেক সময় স্থানীয় জনপ্রতিনিধিদের চাপের কারণে ডিসিদের কাজ বাধাগ্রস্থ হয়- এমন অভিযোগ অস্বীকার করেন স্থানীয় সরকার মন্ত্রী।
তিনি বলেন, কোনো রাজনৈতিক চাপ নিয়ে সম্মেলনে ডিসিরা অভিযোগ করেননি, বিষয়টি আলোচনাতেও আসেনি।
“ডিসি ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে আমরা সরাসরি ইনভল্বড। কারণ স্থানীয় সরকারগুলোর নিয়ন্ত্রকই হচ্ছেন তারা। ইউনিয়ন পরিষদ, উপজেলা নিয়ন্ত্রণ করছেন ডিসিরা …।
“তাদের সাথে এই মন্ত্রণালয় প্রত্যেকটা কাজে জড়িত। সেই সুবাদে তাদের যেসব সাজেশন সেগুলো রিলেভেন্ট আমাদের কাছে। প্রত্যেকটা প্রোজেক্ট, প্রোগ্রাম বাস্তাবায়ন করতে হলে তাদের সাজেশন আমাদের অত্যন্ত সক্রিয়ভাবে বিবেচনা করতে হয়।”
কার্য-অধিবেশন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের দেওয়া বিভিন্ন সুপারিশ গ্রহণযোগ্য মনে হওয়ায় সেগুলো গ্রহণ করা হয়েছে; আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে।
জাতীয় নির্বাচন সামনে রেখে ডিসিদের কোনো নির্দেশনা দিয়েছেন কি না- এ প্রশ্নে মন্ত্রী বলেন, “নির্বাচন তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। নির্বাচন সম্পর্কে আজকে আমি বিশেষ করে কোনো আলোচনা করি নাই। নির্বাচনের সামনে তো আইনশৃঙ্খলা পরিস্থিতিটা অত্যন্ত সুচারুভাবে দেখতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো সময় অবনতি করা যাবে না।”
