যুক্তরাষ্ট্রে নিখোঁজ অটিস্টিক খেলোয়াড় রেজওয়ানুলকে পাওয়া গেছে
যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে নিখোঁজ অটিস্টিক খেলোয়াড় রেজওয়ানুল হকের সন্ধান পাওয়া গেছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে শিকাগোতে বাংলাদেশের অনরারি কন্সাল জেনারেল মনির চৌধুরী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
‘স্পেশাল অলিম্পিক’ এ বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছার পর ১৯ জুলাই থেকে সন্ধান মিলছিল না ২২ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী রেজওয়ানুলের।
পাঁচ দিনের স্পেশাল অলিম্পিকে অংশ নিতে বাংলাদেশ থেকে আসা ২০ জনের দলের সদস্য ছিলেন রেজাওয়ানুল। অলিম্পিক শেষে দলের অন্য সবাই ইতোমধ্যে ফিরে গেছেন দেশে।
শিকাগো পুলিশ জানিয়েছে, শিকাগো এলাকাতেই রেজওয়ানুলকে ২৪ জুলাই বিকালে পাওয়া যায়। তিনি নিরাপদেই রয়েছেন।
অনরারি কন্সাল জেনারেলকে পুলিশ জানিয়েছে, রেজওয়ানুল নিজের পছন্দের জায়গায় থাকতে অলিম্পিক হোটেল ছেড়েছিলেন।
তবে তিনি তা কাউকেই না জানানোয় কর্তৃপক্ষ তা পুলিশের নজরে আনে। তখন পুলিশ বাংলাদেশের অনরারি কন্সাল জেনারেলের সহায়তা চায়।
মনির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রেজওয়ানুল নিরাপদে ছিল এবং অক্ষত অবস্থায় তার সন্ধান পাওয়ায় পরম করুণাময়ের শোকরানা আদায় করছি।”
রেজওয়ানুলকে দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ নিতে শিকাগো পুলিশকে বলেছেন তিনি।
স্পেশাল অলিম্পিকে ১৯২ দেশ থেকে প্রায় দুই হাজার প্রতিবন্ধী খেলোয়াড় অংশ নেন। আর কাউকে নিয়েই কর্তৃপক্ষকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি।
রেজওয়ানুলের নিখোঁজ হওয়ার খবর যেমন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে গুরুত্ব পেয়েছিল; তেমনি তাকে পাওয়ার খবর গুরুত্বে সঙ্গে প্রচারিত হয়।
