কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকছেন ফোরকান
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপাপ্ত লেফটেনেন্ট কর্নেল ফোরকান আহমদের চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়েছে সরকার।
অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার চুক্তির মেয়াদ আগামী ১৪ অগাস্ট অথবা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য বাড়িয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২০১৬ সালের ১১ অগাস্ট চুক্তিতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পান ফোরকান।
এদিকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব এ বি এম জাকির হোসাইনকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে এনেছে সরকার।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব মো. নুরুল করিম করা হয়েছে ওএসডি।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার মো. জহুরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ২০২০ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তিনি ২০১৫ সালের ২৫ অগাস্ট চুক্তিতে বিটিআরসির কমিশনার নিয়োগ পান।
বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান প্রতিবেদক মো. আশিকুর নবী চৌধুরীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে দুই বছরের জন্য লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার হিসেবে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।
নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব চৌধুরী সুলতানা পারভীনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ৩০ জুন থেকে দুই বছরের জন্য বাড়িয়ে তাকে ওই কনস্যুলেট ‘কাউন্সিলর (স্থানীয়)’ করা হয়েছে।
পিআরএলে থাকা সড়ক ও জনপথ ক্যাডারের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহাবুদ্দিন খানের অবসরোত্তর ছুটি বাতিল করে তাকে দুই বছরের চুক্তিতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
