অধ্যাপক আকমল কী পড়িয়েছেন, প্রশ্ন মাকসুদ কামালের
বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে অধ্যাপক আকমল হোসেনের বক্তব্যকে কেন্দ্র করে শিক্ষকতার সময় তিনি কী পড়িয়েছেন তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আকমলকে ওই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বানও জানানো হয়েছে বুধবার শিক্ষক সমিতির এক মানববন্ধন থেকে।
‘নিপীড়নবিরোধী শিক্ষকবৃন্দ’ ব্যানারে কর্মসূচিতে অধ্যাপক আকমলের বক্তব্য এবং ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার অপপ্রয়াস’র প্রতিবাদে এই কর্মসূচি ডাকা হয়।
কোটা সংস্কার আন্দোলনকারীদের গ্রেপ্তার-হয়রানির প্রতিবাদে গত ১৯ জুলাই ‘নিপীড়নবিরোধী শিক্ষকবৃন্দ’ ব্যানারে এক কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রেখেছিলেন অধ্যাপক আকমল।
তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকে মানববন্ধনে শিক্ষক সমিতির নেতারাসহ আওয়ামী লীগ সমর্থিত নীল দলের শতাধিক শিক্ষক অংশ নেন।
সমিতির সভাপতি মাকসুদ কামাল বলেন, “বিষয়টা ছিল কোটা আন্দোলন এবং নিপীড়ন সংক্রান্ত বিষয়ে শিক্ষকদের একটি সমাবেশ। একদমই অপ্রাসঙ্গিকভাবে ইতিহাসের মহানায়ক, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি সাংবিধানিকভাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সাংবিধানিকভাবে তিনি জাতির পিতা, তাকে হঠাৎ করে আঘাত করা হয়;
“‘তার পিতা, তার পিতা, তিনি কি মুক্তিযুদ্ধ করেছেন?’ ‘তার পিতা, তার পিতা’ বলে বঙ্গবন্ধুর নামও উচ্চারণ করা হয় না, প্রধানমন্ত্রীর নামের আগে সাংবিধানিক ‘মাননীয়’ শব্দটিও ব্যবহার করা হয়নি।”
অধ্যাপক মাকসুদ কামাল বলেন, “অধ্যাপক আকমল ৩৭ বছর শ্রেণিকক্ষে পড়িয়েছেন, তিনি কি মুক্তিযুদ্ধ সম্পর্কে এই ৩৭ বছর বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্য পরিবেশন করেছেন? সেটিও খতিয়ে দেখা দরকার আজকে।
“বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলব, ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে বাংলাদেশের ইতিহাস পড়াতে গিয়ে তিনি কী পড়িয়েছেন, সেখানে সিলেবাস কী আছে, এটিও দেখার অবকাশ রয়েছে আমাদের।”
অধ্যাপক আকমল ইতোমধ্যে এক বিবৃতিতে দাবি করেছেন, তার বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘খণ্ডিতভাবে’ উপস্থাপিত হয়েছে।
বঙ্গবন্ধুকে ‘খাটো করার কোনো অভিপ্রায় ছিল না’ উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেছেন, বিভাগে ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস’ কোর্সটি পড়ানোর সময়ও বঙ্গবন্ধুর অবদান বিষদভাবে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতেন তিনি।
“তিনি স্বশরীরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি, কিন্তু তার নামেই সশস্ত্র যুদ্ধ সংঘটিত হয়েছিল। সুতরাং আমার সেদিনের বক্তব্যে তার সশরীরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার বিষয়টি উপর্যুক্ত পরিপ্রেক্ষিতে বোঝা জরুরি।”
গত ১৯ জুলাই নিপীড়নবিরোধী শিক্ষকদের কর্মসূচিতে অধ্যাপক আকমল হোসেন (সামনের সারিতে বামে)
অধ্যাপক মাকসুদ কামাল ‘নিপীড়নবিরোধীদের’ ওই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নিয়েও প্রশ্ন তুলেছেন।
“আমরা আশঙ্কা করেছিলাম, কোটা আন্দোলনের ভেতরে জামাত ঢুকেছে, বিএনপি ঢুকেছে। অধ্যাপক আকমল হোসেন যে অপরাধে অপরাধী, সেখানে আয়োজকরা যারা ছিলেন, তারাও একই অপরাধে অপরাধী।
“তারা হয় তাদের মতাদর্শী যারা বাংলাদেশের ইতিহাস জানে না, বঙ্গবন্ধুকে চেনে না। অথবা তারা যদি তাদের মতাদর্শী না হয় তাহলে এখানে শিবির ঢুকেছে, এই হাততালি ছাত্রশিবিরের হাততালি। এই হাততালি বিএনপির হাততালি, ছাত্রদলের হাততালি।”
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের নামে পরিস্থিতি অস্থিতিশীল করা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন শিক্ষক সমিতির সভাপতি।
তিনি বলেন, “২০০২ সালের ৮ জানুয়ারি মতিউর রহমান নিজামী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, মুক্তিযোদ্ধা কোটা বাদ দিতে হবে, ২০০৩ সালে সংসদের বাজেট অধিবেশনে দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল মুক্তিযোদ্ধা কোটা বাদ দিতে হবে।
“এই দুই যুদ্ধাপরাধী যেই বক্তব্য রেখেছেন, সেই বিষয়টি নিয়ে আমাদের বুদ্ধিদীপ্ত তরুণরা যখন মাঠে নেমেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আমাদের তরুণদের সাথে সংহতি প্রকাশ করেছে।
“যখন মাহমুদুর রহমান মান্না ‘রুখে দিতে হবে’ বলে, যখন লন্ডন থেকে কোটা আন্দোলনকে উস্কিয়ে দেওয়া হয়, যখন অধ্যাপক আকমলের বক্তব্যে বঙ্গবন্ধুকে হেয় করার পর হাততালি দেওয়া হয়, তখন এই কোটা আন্দোলন কোন দিকে ধাবিত হচ্ছে এবং এর পেছনে কারা আছে, তা নিয়ে আমাদের আর বোঝার অবকাশ নাই।
তবে প্রধানমন্ত্রীর মাধ্যমে কোটার বিষয়টির একটি যৌক্তিক ও আইনি সমাধান হবে বলে আশা করছেন মাকসুদ কামাল।
মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন, কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিতা রেজওয়ানা রহমান, ফলিত গণিত বিভাগের অধ্যাপক মুহাম্মদ সামাদও বক্তব্য রাখেন।
আরও খবর
