ঢাবি শিক্ষক সমিতির প্রতিবাদ, অধ্যাপক আকমলের জবাব
বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আকমল হোসেনের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
মঙ্গলবার এক বিবৃতিতে প্রতিবাদ জানানোর পাশাপাশি বুধবার একটি মানববন্ধনেরও ডাক দিয়েছে শিক্ষক সমিতি।
অন্যদিকে অধ্যাপক আকমল এক বিবৃতিতে বলেছেন, তার বক্তব্য ‘খণ্ডিতভাবে উপস্থাপনের’ কারণে এ ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে।
সরকারি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেপ্তার-হয়রানি বন্ধের দাবিতে গত ১৯ জুলাই ‘নিপীড়নবিরোধী’ শিক্ষকদের মানববন্ধনে বক্তব্য রেখেছিলেন অধ্যাপক আকমল।
পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সচেতন শিক্ষক সমাজ’ ব্যানারে আরেক মানববন্ধন ধেকে অধ্যাপক আকমলের বক্তব্যের প্রতিবাদ ও তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক শিবলী রুবাইয়াতুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “সমাবেশে অত্যন্ত অপ্রাসঙ্গিকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অধ্যাপক আকমল হোসেন (অবসরপ্রাপ্ত) বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী, তিনি কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? তার পিতা... তিনি কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন?
“আমরা বিস্মিত হই এই ভেবে যে, এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য সত্ত্বেও উক্ত সমাবেশের আয়োজকরা তার এ-বক্তব্যের কোনো প্রতিবাদ তো করেনইনি বরং বাহবা দিয়েছেন।"
কোটা সংস্কার আন্দোলনে যুক্ত 'নিপীড়নবিরোধী শিক্ষকরা' ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার 'হীন ও গভীর' চক্রান্তে লিপ্ত আছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
“ঘটনা পরম্পরায় প্রতীয়মান হয় যে, আকমল হোসেনের এই বক্তব্য তার একক বক্তব্য নয়, এটি সেই অতি প্রতিক্রিয়াশীলদের অপভাবনার বহিঃপ্রকাশ; যারা মহান মুক্তিযুদ্ধকে নিয়ে বারংবার বিতর্ক তৈরির অপপ্রয়াস চালাচ্ছেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধুকে আঘাত করে তারা শুধুমাত্র মুক্তিযুদ্ধকেই নয়, বাংলাদেশের অস্তিত্বের উপরও আঘাত করেছেন।"
বক্তব্যের জন্য অধ্যাপক আকমলকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে শিক্ষক সমিতি বলেছে, নইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সমিতি দাবি জানাবে।
গত ১৯ জুলাই নিপীড়নবিরোধী শিক্ষকদের কর্মসূচিতে অধ্যাপক আকমল হোসেন (সামনের সারিতে বামে)
অন্যদিকে অধ্যাপক আকমল তার বিবৃতিতে দাবি করেন, “গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক অংশের সভায় দেওয়া বক্তব্য থেকে আমি বুঝতে পারছি যে, আমার বক্তব্যকে সঠিক পরিপ্রেক্ষিত থেকে বিচার করা হচ্ছে না।”
নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, “আমার বক্তব্যে আমার বিভাগীয় সাবেক ছাত্র ও পরবর্তী সময়ে সহকর্মী মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হকের উপর ১৬ জুলাই শহীদ মিনারে সংঘটিত হেনস্তার (যখন তানজীমকে অত্যন্ত অশিষ্টভাবে আঙ্গুল তুলে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কেন মুক্তিযুদ্ধে যাননি) প্রসঙ্গ টেনে প্রশ্ন করেছিলাম যে, মুক্তিযুদ্ধে যোগদান কোনো অন্যায়ের প্রতিবাদ করার মাপকাঠি হতে পারে কি না?
“বিষয়টি ব্যাখ্যা করতে যেয়ে আমি বলেছিলাম, মুক্তিযুদ্ধ একটি মহান ঘটনা আমাদের জাতির জীবনে। এটা নিয়ে যেভাবে অবস্থান নেওয়া হয়, বক্তব্য দেওয়া হয়, তাতে মুক্তিযুদ্ধকে অবমাননা করা হয়। আমার প্রশ্ন আমাদের প্রধানমন্ত্রী কি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন? তার পিতা যার মাধ্যমে মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব তৈরি হয়েছিল তিনি কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? তাহলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে যদি বিচার করা হয় কে অন্যায়ের প্রতিবাদ করবে তা হলে তা হবে অত্যন্ত একটি নেতিবাচক ধারণা।”
অধ্যাপক আকমল দাবি করেন, কোনো কোনো টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য থেকে ‘খণ্ডিতভাবে’ শুধু দুটি লাইন নিজস্ব ভাষায় তুলে দেওয়া হয়।
“আমার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতির পিতা বঙ্গবন্ধুকে খাটো করার কোনো অভিপ্রায় ছিল না। বঙ্গবন্ধু তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বাঙালি জাতির স্বাধিকারের প্রশ্নে আপসহীন সংগ্রাম করেছিলেন। ছয় দফা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধিকারের প্রশ্নটি বেগবান করার পিছনে তার অবদান অনস্বীকার্য।”
বিভাগে ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস’ কোর্সটি পড়ানোর সময় বিষয়টি বিষদভাবে বলতেন জানিয়ে তিনি বলেন, “তিনি স্বশরীরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি, কিন্তু তার নামেই সশস্ত্র যুদ্ধ সংঘটিত হয়েছিল। সুতরাং আমার সেদিনের বক্তব্যে তার সশরীরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার বিষয়টি উপর্যুক্ত পরিপ্রেক্ষিতে বোঝা জরুরি।”
