মিয়ানমারকে ‘বোঝাবে’ চীন
দমন-নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেশে ফেরাতে মিয়ানমারকে ‘বোঝাতে’ কাজ করবে চীন।
ঢাকায় চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো বুধবার সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে তার সরকারি বাসভবনে সাক্ষাতে গিয়ে এই কথা বলেছেন।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন, রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নতি, বাংলাদেশের উন্নয়নে চীনের ভূমিকাসহ চীন ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সম্পর্ক নিয়ে দেড় ঘণ্টার বৈঠকে করেন মেনন ও ঝ্যাং জুয়ো।
“এসময় রোহিঙ্গা সমস্যা নিয়ে সমাজকল্যাণমন্ত্রী চীনের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করলে ঝ্যাং জুয়ো রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে বোঝাতে তার সরকার কাজ করবে বলে মন্ত্রীকে আশ্বস্ত করেন।”
রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে গত অগাস্ট থেকে এ পর্যন্ত সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে। এর আগে বিভিন্ন সময়ে পালিয়ে আসা চার লাখের বেশি রোহিঙ্গার ভার বাংলাদেশ বহন করে চলেছে কয়েক দশক ধরে।
বিশ্বজুড়ে সমালোচনার মুখে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে গত বছরের ২৩ নভেম্বর বাংলাদেশের সঙ্গে একটি সম্মতিপত্রে সই করে। এর ভিত্তিতে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয় এবং ১৬ জানুয়ারি ওই গ্রুপের প্রথম বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিভিন্ন বিষয় ঠিক করে ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ স্বাক্ষরিত হয়।
এরপর প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমার সরকারকে আট হাজারের মতো রোহিঙ্গার একটি তালিকা দেওয়া হলেও কেউ এখনও রাখাইনে ফিরতে পারেনি।
