২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ঘণ্টা পর শাহজালালে ফ্লাইট ওঠানামা শুরু

থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট নামার সময় রানওয়েতে পিছলে যাওয়ায় দুই ঘণ্টা উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2018, 03:11 PM

Updated : 11 Oct 2022, 12:31 PM

সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, থাই এয়ারওয়েজের উড়োজাহাজটি নামার পর রানওয়ে আটকে থাকায় মঙ্গলবার বেলা সাড়ে ১২টার পর আর কোনো ফ্লাইট ওঠানামা করতে পারছিল না। 

বেলা আড়াইটার দিকে উড়োজাহাজটি সরিয়ে নিলে শাহজালালালে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করে বলে জানান তিনি।

তবে এই সময়ে কয়টি ফ্লাইট বিলম্বিত হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি রেজাউল করিম।

শাহজালাল বিমানবন্দরে দায়িত্বরত একজন এপিবিএন কর্মকর্তা জানান, ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের টিজি৩২১ ফ্লাইটটির নামার কথা ছিল বেলা ১২টার দিকে। প্রায় আধা ঘণ্টা পর বেলা সাড়ে ১২টার দিকে উড়োজাহাজটি নামার সময় রানওয়েতে পিছলে গিয়ে চাকা ফেটে যায়।

সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বোয়িং ৭৭৭ এয়ারক্রাফটটি রানওয়ে থেকে পিছলে যাওয়ায় চাকা ঘাসের মধ্যে চলে গিয়েছিল। সিভিল এভিয়েশনের পরিদর্শন কর্মকর্তারা গিয়ে দেখেছেন, ডান পাশের সব চাকাই ফেটে গেছে।”

এ বিষয়ে জানতে বিমানবন্দরের পরিচালক আবদুল্লাহ আল ফারুককে কয়েক বার ফোন করা হলেও তিনি ধরেননি। আর শাহজালাল বিমানবন্দরে থাই এয়ারওয়েজের স্টেশন ম্যানেজার ব্যস্ততার কথা বলে ফোনের লাইন কেটে দেন। 

Image
সময় টিভি থেকে নেওয়া ছবি

সময় টিভি থেকে নেওয়া ছবি

ওই ফ্লাইটে ঢাকায় আসা একজন যাত্রীকে উদ্ধৃত করে সময় টিভির খবরে বলা হয়, উড়োজাহাজটি যখন রানওয়েতে নামে তখন প্রচণ্ড ঝাঁকুনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই চিৎকার করতে থাকেন।

“অবস্থা ছিল খুবই খারাপ, তখনই মনে করলাম, পৃথিবীতে মনে হয় আর নাই। এমন একটা শব্দ,… যে কোনো সময় আগুন ধরে যেতে পারত। লাকিলি আমরা সেইফলি নেমে আসছি।”

মোবাইল ফোনে ফেটে যাওয়া চাকার একটি ছবি দেখিয়ে ওই যাত্রী বলেন, তিনবারের চেষ্টায় পাইলট রানওয়েতে নামেন। সামনের চাকা রানওয়েতে নামলেও পেছনের চাকাটি ছিল মাটিতে। চাকা ‘ফেটে চৌচির’ হয়ে গেছে।