২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে বন ভবনের পেছনে যুবকের লাশ

ঢাকার মহাখালীতে বন ভবনের পেছন থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2018, 12:56 PM

Updated : 19 Aug 2022, 02:20 PM

নিহত কাজী রাশেদ (৩৫) স্থানীয় যুবলীগে যুক্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তার দেহের ক্ষত দেখে পুলিশের ধারণা হয়েছে, সেটি গুলির চিহ্ন।

বনানী থানার পরিদর্শক (অপারেশন) সাইহান ওলিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রোববার ভোরে বন ভবনের পেছনের রাস্তায় গিয়ে সেখানে রাশেদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ।

“তার বুকের বাঁ দিকে নিচের অংশে ফুটো হয়ে গেছে। দেখে মনে হচ্ছে, ওটা গুলির ক্ষত।”

শনিবার মাঝরাতের পর কোনো এক সময় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

যে গলিতে লাশটি পাওয়া গেছে, ওই গলিতে প্রায় ৭০ গজ দূরে রাশেদের বাসা। ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে।

স্থানীয় একজন নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে হত্যা করা হলে যে পরিমাণ রক্ত রাস্তায় পড়ে থাকার কথা সেটা হয়নি। লাশ যেখানে পড়ে ছিল সেখানে চুইয়ে পড়া কিছু রক্ত ছিল।”

লাশের বুকে গুলির মতো চিহ্ন দেখে পুলিশের ধারণা, রাশেদকে হত্যা করতে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়।

তবে স্থানীয়রা বলছেন, তারা কোনো গুলির শব্দ শোনেননি।

যেখানে লাশ পড়ে ছিল, তার পাশেই একটি টিনশেড বাড়ি। এই বাড়ির দরজা থেকে ৫/৬ গজ দূরে পড়ে ছিল লাশটি।

এই বাড়ির বাসিন্দা লিজা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা কোনো গুলির শব্দ শোনেননি। ভোরে লাশ দেখার পর যখন হৈ চৈ হয় তখন তারা টের পান।

পুলিশ কর্মকর্তা ওলিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্য কোথাও হত্যার পর লাশ এখানে আনা হয়ে থাকতে পারে।”

তবে কে বা কারা কেন এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি তিনি।

রাশেদের স্ত্রী মৌসুমী বেগম তার স্বামীর হত্যাকাণ্ডের জন্য যুবলীগেরই স্থানীয় এক নেতাকে সন্দেহ করছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার স্বামী ওই যুবলীগ নেতার সাথে সবসময় ঘুরতো। কোনো কারণে ওই নেতাই তাকে হত্যা করেছে। ঘটনার পর থেকে ওই নেতার খোঁজ নেই। তাকে পেলেই সব তথ্য পাওয়া যাবে।”

স্ত্রীর অভিযোগের বিষয়ে পুলিশ কর্মকর্তা ওলিউল্লাহ বলেন, “এ রকম অভিযোগ আমরাও পেয়েছি, সে অনুযায়ী কাজ চলছে।”

ডিএমপির গুলশান বিভাগের উপ কমিশনার মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্তে যার নামই আসুক, তাকে আমরা ছাড় দেব না।”