২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ‘জঙ্গি’ গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইর থেকে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2018, 10:59 PM

Updated : 19 Aug 2022, 02:18 PM

মঙ্গলবার সকালে কাসিমপুর ইরতা গ্রামে অভিযান চালিয়ে মাওলানা মোহাম্মদ ইসহাক খান (৩২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি আনসার আল ইসলামের ‘সক্রিয় সদস্য’ বলে র‌্যাবের দাবি।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জঙ্গি সংগঠনটির নেতা কারাবন্দি মুহাম্মদ জসীমউদ্দিন রাহমানীর ছাত্র ইসহাককে বিপুল পরিমান উগ্রবাদী বইসহ গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় পড়ার সময় তিনি নিষিদ্ধ সংগঠনটির সঙ্গে যুক্ত হন বলে র‌্যাব জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসহাকের ভাই আশরাফ আলী খান আনসার আল ইসলামের প্রতিষ্ঠাতা সদস্য। তার আরেক ভাই রাকিব অরেকটি নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য, তিনি এখন কারাগারে রয়েছেন।

র‌্যাব বলছে, ইসহাক দুটি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জঙ্গিবাদী বই প্রকাশ করে আসছিলেন। ইউটিউবে জঙ্গিবাদী প্রচারের ভিডিও তুলতেন তিনি।

ইসহাক সিংগাইরে মারকাজুল কোরআন ওয়াল হিকমাহ নামে সে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে শিশু শিক্ষার্থীদের উগ্রবাদে উদ্বুদ্ধ করতেন বলেও র‌্যাব জানিয়েছে।