নগরে স্থাপত্য ও নির্মাণশিল্প পণ্যের ৩ দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী
আধুনিক নির্মাণ অবকাঠামো, কাঠ এবং পরিবেশবান্ধব স্থাপত্যকৌশল সংশ্লিষ্ট শিল্পের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য তুলে ধরতে রাজধানীতে এক ছাদের নিচে শুরু হচ্ছে তিন দিনব্যাপী তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী।
বুধবার থেকে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১, ১এ, ৩ এবং ৪ নম্বর হলে ‘বাংলাদেশ বিল্ডকন ২০১৮’, ‘গ্রিনআর্ক ২০১৮’ এবং ‘বাংলাদেশ উড ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৮’ প্রদর্শনী তিনটি শুরু হবে।
ভারতের ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশের আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে।
মঙ্গলবার কারওয়ান বাজারে লা ভিঞ্চি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রদর্শনী নিয়ে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রদর্শনীতে থাকবে মূলত স্থাপত্য শিল্পের জন্য হার্ডওয়্যার ও সংশ্লিষ্টপণ্য, নির্মাণশিল্পে ব্যবহৃত পণ্য, এমইপি সার্ভিস, রেডিমিক্স কনক্রিট ইকুইপমেন্ট, সাসটেইনেবল আর্কিটেকচার, উডওয়ার্কিং মেশিনারি, ফার্নিচার হার্ডওয়্যার, পাওয়ারটুল, ফিটিংস এবং ফিক্সচার, লেমিনেট, বোর্ড, কোটিং, অ্যাব্রেসিভ, অ্যাডহেসিভ এবং সংশ্লিষ্ট অন্যান্য সামগ্রী।
বাংলাদেশসহ মোট দশটি দেশের প্রায় দুইশ প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এতে।
প্রদর্শনী চলাকালে সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে জড়িত বক্তাদের উপস্থিতিতে তিনদিনই কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে।
সর্বসাধারণের জন্য বুধবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এইচবিআরআই এর পরিচালক মোহাম্মদ শামীম আক্তার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের এইচওডি ড. খন্দকার সাব্বির আহমেদ, জেট হোল্ডিংস লিমিটেডের এজিএম তাজুল ইসলাম, উড টেক সল্যুশন্স এর প্রধান নির্বাহি কর্মকর্তা নাইমুল হোসেন খান, আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের পরিচালক নন্দ গোপাল কে এবং ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া।
