৩ জাতীয় অধ্যাপককে ইউজিসির সংবর্ধনা
পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনিসুজ্জামান ও রফিকুল ইসলাম এবং বুয়েটের সাবেক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সোমবার বিকালে ইউজিসি কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “ম্যাট্রিক পাসের পরই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, বাংলা সাহিত্য নিয়ে পড়ব এবং শিক্ষকতা করব। সত্যি বলতে আমি কখনও জানতাম না, আমার শিক্ষকতা জীবন কোথায় গিয়ে পূর্ণতা লাভ করবে। অধ্যাপক জীবন থেকে অবসরের পর অতিরিক্ত শিক্ষক, ইমিরেটাস অধ্যাপক হব, এ আমি ভাবিনি; জাতীয় অধ্যাপক তো দূরের কথা।
“তবে আমি বলব, শিক্ষক হিসেবে আমি যতটা দেশকে দিয়েছি, দেশ তার চেয়েও বহু গুণে ফিরিয়ে দিয়েছে।”
৬০ বছরের শিক্ষকতা জীবনের পর জাতীয় অধ্যাপকের সম্মাননা প্রাপ্তিকে অধ্যাপক রফিকুল ইসলাম দেখছেন ‘বিরল সম্মাননা’ হিসেবে।
এসময় তিনি সেন্ট গ্রেগরি স্কুল, আরমানিটোলা স্কুল, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। পরে নিজের বিভাগের খ্যাতিমান শিক্ষার্থীদের কথাও তিনি স্মরণ করেন।
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, “আমার শিক্ষকতা জীবনের ৫৫ বছর পূরণ হল। শিক্ষকতার পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পে আমি পরামর্শক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি আমি। এই সময়ে এসে এই সম্মাননা প্রাপ্তি আমার জীবনের বড় পাওনা।”
এক সময় ইউরোপ, আমেরিকার বিভিন্ন প্রকল্পে যোগদানের প্রস্তাব পেলেও তা ‘নাকচ’ করে দেওয়ার কথা জানান অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
তিনি বলেন, “আমি দেশ ছেড়ে যাইনি। সত্যি বলতে, আমি দেশে কাজ করে যতটা তৃপ্তি পাই, অন্য কোনও দেশে কাজ করলে এতটা তৃপ্তি বোধহয় পেতাম না।”
আনিসুজ্জামান এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক; রফিকুল ইসলাম ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের এমিরেটাস অধ্যাপক ও বাংলা অধ্যয়ন কেন্দ্রের উপদেষ্টা; আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এখন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপাচার্যের দায়িত্বে আছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, “বাংলাদেশের তিন জন শ্রেষ্ঠ ব্যক্তিত্বকে সম্মাননা জানাতে পেরে আজ আমরা নিজেরাই সম্মানিত হয়েছি।
“জাতীয় অধ্যাপক নির্বাচক কমিটির সদস্য হিসেবে আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তিন জনের নাম প্রস্তাব করি, তখন তিনি একবাক্যে সায় দেন।”
ষাটের দশকে আইয়ুববিরোধী আন্দোলনে জড়িয়ে পড়া নাহিদ জানান, বাঙালির স্বাধিকার আন্দোলনের উত্তুঙ্গ সময়ে অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক রফিকুল ইসলাম ও অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছিলেন তারা।
তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যখন মামলা, নির্যাতনের জুলুম চালাচ্ছিল পাকিস্তানের সামরিক জান্তা, তখন সেই দুর্দিনে আমার এই শ্রদ্ধেয় শিক্ষকরা যে মমত্ব ও সমর্থন জুগিয়েছেন, তা কখনো ভোলার নয়।”
নতুন প্রজন্মকে তিন জাতীয় অধ্যাপকের জীবন-কর্ম থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।
নাহিদ বলেন, “তারা আমাদের অভিভাবক। জাতির শ্রেষ্ঠ সন্তান তারা। তাদের উজ্জ্বলতা আমাদের আরো আলোকিত করে যাবে।”
ইউজিসির এই সংবর্ধনা অনুষ্ঠানে ইউজিসিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আইনুন নিশাতসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
