সম্পদ বিবরণি না দেওয়ায় ডেসটিনি পরিচালকের কারাদণ্ড
সম্পত্তির হিসাব বিবরণী জমা না দেওয়ায় ডেসটিনির পরিচালক মেজবাউদ্দিন স্বপনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
তিন বছর কারাদণ্ডের পাশাপাশি মেজবাউদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে।
মেজবাউদ্দিন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন বিচারক শহীদুল ইসলাম।
দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, আসামি মেজবাউদ্দিনকে ২০১৬ সালের ১০ এপ্রিল সম্পদের হিসাব দাখিলের জন্য একটি নোটিস দেওয়া হয়েছিল। তার জবাব না পেয়ে ওই বছরের ২৮ জুন দুদকের এক সহকারী পরিচালক রমনা থানায় মামলাটি করেন।
২০১৭ সালের ২০ মার্চ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এরপর ২৭ অগাস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।
প্রতারণার মাধ্যমে বহু গ্রাহকের অর্থ আত্মসাত করে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ডেসটিনির বিরুদ্ধে। কোম্পানিটির বিরুদ্ধে অনেকগুলো মামলাও বিচারাধীন।
