বেসরকারি হাসপাতালেও স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন হজযাত্রীরা
সৌদি আরব সরকারের নির্দেশনা অনুযায়ী হজে যাওয়ার আগে স্বাস্থ্যের পরীক্ষা করাতে হয়, তার মধ্যে থেকে রক্তের গ্রুপ, ব্লাড সুগার, এক্সরে এবং ইসিজি বেসরকারি হাসপাতালেও করাতে পারবেন হজযাত্রীরা।
এবারের হজ কার্যক্রমের সবশেষ অগ্রগতি পর্যালোচনায় সোমবার বিকালে সচিবালয়ে ধর্মমন্ত্রী মতিউর রহমানের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়।
হজে যেতে ঢাকায় সৌদি দূতাবাস থেকে ভিসা নেওয়ার আগে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টও পাসপোর্টের সঙ্গে জমা দিতে হচ্ছে। গত ৩ জুলাই থেকে সরকারি হাসপাতালগুলোতে এই স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সরকারি হাসপাতালে যাতে বেশি চাপ না পড়ে সেজন্য এসব পরীক্ষা বেসরকারি হাসপাতালে করানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) সানিয়া তাহমিনা বলেন, “স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে সৌদি সরকার কড়াকড়ি করেছে, এজন্য আমরা স্বাস্থ্য পরীক্ষার জন্য বেশি মনোনিবেশ করছি।
“এই পরীক্ষা সরকারি-বেসরকারিভবে করাতে পারবেন। সরকারিভাবে করলেও বিনা পয়সায় করা যায় না, ইউজার ফি দিতে হয়। সরকারি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের জন্য পরীক্ষা করার সক্ষমতা রয়েছে। কিন্তু বিপুল পরিমাণ হজযাত্রীদের সেবা করার সক্ষমতা নাই। সেজন্য বাইরে থেকেও করতে পারেন।”
সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৬ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন হজ করতে পারবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ অগাস্ট হজ হতে পারে।
ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, “সারা জীবনের স্বপ্ন থাকে একবার হজ করা, একবারই হজ ফরজ। অনুরোধ করব ফরজ দায়িত্ব পালন করে দিতে পদক্ষেপ নেবেন। আমরা আপনাদের সহযোগিতা করব। গতবারের চেয়ে এবার আরো ভালোভাবে হজ পালন করব।”
ধর্মসচিব আনিছুর রহমান জানান, সাউদিয়া এয়ারলাইন্স থেকে ৪৬ হাজার ৭৫৫টি এবং বাংলাদেশ বিমান থেকে ৫১ হাজারের বেশি টিকিট ইস্যু করা হয়েছে।
“সৌদি থেকে সময়মত রেন্সপন্স না পাওয়ার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে গতবছরের এই সময়ের থেকে অনেক অনেকগুণ এগিয়ে আছি। গত বছর এই সময় বিমানের ফ্লাইটের ৪-৫ দিন আগে মাত্র সাত হাজার টিকিট দেওয়া হয়েছে।”
বেসরকারিভাবে ১৩ হাজার ৪০০ ভিসা ইস্যু হয়েছে জানিয়ে ধর্মসচিব বলেন, গত বছর এই সময় কোনো ভিসা হয়নি। সৌদি দূতাবাস একদিনে ১০ হাজার ভিসা দিতে পারবে বলে জানিয়েছে।
ধর্মমন্ত্রী জানান, আগামী ১১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনায় হজ কার্যক্রম উদ্বোধন করবেন। ১৪ জুলাই শুরু হয়ে ১৫ অগাস্ট পর্যন্ত চলবে হজ ফ্লাইট।
২৭ অগস্ট হজের ফিরতি ফ্লাইট শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর তা শেষ হবে।
বাংলাদেশ বিমান ১৮৭টি ফ্লাইটে ৬৪ হাজার ৯৬৭ জন এবং সাউদিয়া ১৮৮টি ফ্লাইটে ৬১ হাজার ৮৩১ হজযাত্রী পরিবহন করবে বলেও জানান মতিউর রহমান।
