বিএফইউজে নির্বাচনের দাবিতে সমাবেশ
আওয়ামী লীগ সমর্থক সাংবাদিকদের সংগঠন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং দ্রুত এই নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বিএফইউজে নির্বাচনে সভাপতি প্রার্থী জলিল ভূইয়া ও মহাসচিব প্রার্থী জাকারিয়া কাজল রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
এই নির্বাচনে অপর প্যানেল থেকে সভাপতি প্রার্থী ওমর ফারুক ও মহাসচিব প্রার্থী শাবান মাহমুদ সমর্থকরা জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ করেছেন।
গত শুক্রবার বিএফইউজের নেতা নির্বাচনে ভোটগ্রহণের দিন থাকলেও ৫ জুলাই শ্রম আদালতের নিষেধাজ্ঞার পর নির্বাচন স্থগিত করা হয়।
সংবাদ সম্মেলনে জাকারিয়া কাজল বলেন, “সংগঠনের সদ্য বিদায়ী কমিটির মহাসচিবের অবহেলা অথবা ইচ্ছাকৃত অবহেলার কারণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন স্থগিত করা হয়েছে।
“২০১৭ সালের ২৯ নভেম্বরের মধ্যে বিএফইউজের নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা থাকলেও বিদায়ী কমিটি অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে রাখায় যথা সময়ে নির্বাচন করা যায়নি। সেই একই স্বার্থে তারা বিএফইউজে নির্বাচন বানচালের অপচেষ্টা করছেন। এই অবস্থা থেকে উত্তরণে আমরা ডিইউজের সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী বিএফইউজের নির্বাচন চাই।”
এ সময় তার প্যানেলের সভাপতি প্রার্থী জলিল ভুঁইয়া ছাড়াও কোষাধ্যক্ষ প্রার্থী মধুসূধন মণ্ডল, যুগ্ম মহাসচির প্রার্থী নাসিমা সোমা এবং সদস্য পদপ্রার্থী শেখ মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে জাকারিয়া কাজল বলেন, “নির্বাচন অনুষ্ঠানের আগের দিন ৫ জুলাই নির্বাচন কমিশন সকল প্রার্থীদের সভা ডাকেন। সভায় উপস্থিত হয়ে আমরা জানতে পারি, দুইজন প্রার্থীর এক মামলায় প্রথম শ্রম আদালত নির্বাচন অনুষ্ঠানের উপর স্থগিতাদেশ দিয়েছেন।”
তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার প্রার্থীদের কাছে করণীয় জানতে চাইলে প্রতিদ্বন্দ্বী সভাপতি, সহ-সভাপতি, মহাসচিব ও কোষাধ্যক্ষ প্রার্থীরা নির্বাচন অনুষ্ঠানে লিখিতভাবে সম্মতি দেন। এ পর্যায়ে নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
“সেই মোতাবেক নির্বাচন কমিশন ডিইউজের কাছে পূর্ণ ভোটার তালিকা চেয়ে চিঠি দেয় এবং ডিইউজে তালিকা নির্বাচন কমিশনকে প্রদান করে।”
বিএফইউজে ‘সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূতভাবে’ ডিইউজের কিছু সদস্যের সদস্যপদ বাতিল এবং কারও কারও ভোটাধিকার স্থগিত করেছে বলে অভিযোগ করেন এই মহাসচিব প্রার্থী।
তিনি বলেন, এরপর ডিইউজের সভাপতি ও সাধারণ সম্পাদক এ বিষয়ে আপত্তি জানিয়ে গঠনতন্ত্র অনুযায়ী তাদের ভোটার তালিকা অনুসারে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। এ পর্যায়ে প্রধান নির্বাচন কমিশনার আইনগত বিষয়ে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
জাকারিয়া কাজল বলেন, ”এ ব্যাপারে আমাদের সদস্যদের ভোটাধিকার ও সার্বিক স্বার্থ রক্ষায় প্রয়োজনে আমাদের প্যানেল আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।”
সংবাদ সম্মেলনে আবদুল জলিল ভুঁইয়া বলেন, “আমরা ডিইউজের সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী ভোট চাই। নির্বাচন কমিশনও এটা মেনে নিয়েছিলেন। কিন্তু মহাসচিব ওমর ফারুকের আপত্তির কারণে নির্বাচন কমিশন বেঁকে বসেন। তখন কমিশন বলেন, আদালতের নির্দেশনায় যেহেতু নির্বাচন স্থগিত হয়েছে, তাই নির্বাচন করা সম্ভব হচ্ছে না।
“আপনারা জানেন কে বিগত দিনে কল্যাণ ফান্ডের টাকা খরচ করে ফেলেছেন, পত্রিকায় রেডকার্ড দেওয়ার নামে বাণিজ্য করছেন? এটা কে করেছেন, তাও সাংবাদিকরা জানেন।”
অপরদিকে ‘বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ’র ব্যানারে জাতীয় প্রেস ক্লাব চত্বরে বিএফইউজে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সভাপতি প্রার্থী ওমর ফারুক ও মহাসচিব প্রার্থী শাবান মাহমুদের সমর্থকরা বিক্ষোভ সমাবেশ করেন।
ওমর ফারুক বলেন, “যারা ওয়েজবোর্ড আন্দোলনে কোন দিনও ছিলেন না, সাংবাদিকদের অধিকার আদায়ে রাজপথের আন্দোলন সংগ্রামে কোনো দিন পাওয়া যায়নি, তারা মিথ্যা অপপ্রচার করে বিএফইউজে নির্বাচন বানচালের চেষ্টা করছেন।
“নির্বাচন হলেই তারা জানেন, তারা পরাজিত হবেন। সাংবাদিক সমাজের ভোট নিয়ে জয়ী হবার মতো সাহস তাদের নেই বলে তারা ষড়যন্ত্র করছেন।”
শাবান মাহমুদ বলেন, “সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, আছি এবং থাকব। কেউ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে সাংবাদিকদের তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।
“যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন তারা ভালো করেছেন নাকি মন্দ করেছেন তার ফলাফল ভোটাররা তাদের রায়ে বুঝিয়ে দেবেন। যতদিন সাংবাদিকরা তাদের ভোটের অধিকার আদায় না করতে পারবে ততদিন তারা রাজপথে থাকবে।”
দ্রুততম সময়ের মধ্যে এই নির্বাচনের দাবিতে সোমবার বেলা ১১টার পর শ্রম আদালতের সামনে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
