ভারতে দণ্ডিত বাদল ফরাজীর কারামুক্তি চেয়ে রিট
এক দশক আগে ভারতে গিয়ে তার আগে সংঘটিত একটি হত্যার দায়ে ১০ বছর কারাবাসের পর দেশে ফেরা বাদল ফরাজীর কারামুক্তির আরজি জানিয়ে হাই কোর্টে একটি রিট আবেদন হয়েছে।
বাদল ‘নির্দোষ হলেও’ দেশে ফিরিয়ে আনার পর তাকে কারাগারে নেওয়ার বিষয়টি রোববার আদালতের নজরে আনলে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে রিট করতে বলা হয়।
সে অনুযায়ী আইনজীবী হুমায়ুন কবির পল্লব ও মোহাম্মদ কাওসার দুপুরে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন।
হুমায়ুন কবির পল্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাদল ফরাজী ভুল বিচারের শিকার হয়ে ভারতে ১০ বছর কারাভোগ করেছেন। তিনি নির্দোষ হওয়ার পরও দেশে ফিরিয়ে আনার পর তাকে কারাগারে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রকাশিত সংবাদ আদালতের নজরে আনি। আদালত আমাদের লিখিত আবেদন করতে বলেন। পরে আমরা রিট আবেদন করি।”
সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে জানিয়ে তিনি বলেন, “বাদল ফরাজীকে কারামুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বিবাদীদের প্রতি আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।”
স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পররাষ্ট্র সচিব ও পুলিশ প্রধানকে বিবাদী করে রিটে বলা হয়েছে, “এটাই প্রতীয়মান হয় যে, বাদল ফরাজীকে ভুলবশত দণ্ড দেওয়া হয়েছে। যথাযথভাবে বিষয়টি স্পষ্ট হয়েছে যে, বাদল ফরাজী প্রকৃত অপরাধী নন। ফলে তার বিরুদ্ধে আদালতের দণ্ডাদেশ হয়নি। তাই আইনের চোখে তিনি দণ্ডিত নন। ফলে তাকে জেলে রাখার মানে হল স্পষ্টভাবে সংবিধানের ২৭, ৩১, ৩২, ৩৩, ৩৬ ও ৪৪ অনুচ্ছেদের লঙ্ঘন।”
এ অবস্থায় বাদল ফরাজীকে জেলে রাখা ‘বেআইনি, সেচ্ছাচারিতা এবং একই সঙ্গে মানবাধিকারের লঙ্ঘন’ উল্লেখ করে তার দ্রুত কারামুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না- মর্মে রুল চাওয়া হয়েছে রিটে।
২০০৮ সালে ৬ মে দিল্লির অমর কলোনিতে এক বৃদ্ধাকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় বাদলের। তবে বাদল তার দুই মাসেরও বেশি সময় পর ১৩ জুলাই ভারতে ঢুকেছিলেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে বাদল সিং নামে এক ব্যক্তিকে খুঁজছিল পুলিশ। তাকে ধরতে সীমান্তেও সতর্ক করা হয়েছিল। এরমধ্যে বেনাপোল চেকপোস্ট হয়ে ভারতে ঢুকেই গ্রেপ্তার হন বাদল। সে সময় ১৮ বছরের এই যুবক ইংরেজি ও হিন্দি জানতেন না।
হত্যাকাণ্ডের সময় বাদল ভারতেই যাননি জানিয়ে তার মুক্তি এবং তাকে দেশে ফিরিয়ে দিতে ২০১২ সালে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন।
এরপরেও ২০১৫ সালে বাদলকে দোষী সাব্যস্ত করে দিল্লির সাকেট আদালত। তাকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। পরবর্তীতে দিল্লি হাই কোর্টও নিম্ন আদালতের সেই রায় বহাল রাখে।
পরে বাংলাদেশ হাই কমিশনের সহায়তায় বাদল রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেও বিফল হন।
এদিকে কারাগারেই লেখাপড়া চালিয়ে যান বাদল ফরাজী। আটটি ডিপ্লোমা কোর্স শেষ করেন তিনি।
বন্দি প্রত্যার্পন চুক্তির আওতায় শুক্রবার দিল্লির তেহার জেল থেকে তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে বাদলকে।
