দুর্যোগ ঝুঁকিতে রোহিঙ্গারা
টিলার ঢালে বাঁশ পুঁতে চার দিকে তোলা হয়েছে মাটি বা চাটাইয়ের দেয়াল; তার ওপরে থাকা পলিথিনের ছাউনি বৃষ্টি ঠেকাতে পারছে না। ঘরের ভেতরে নানা দিক থেকে পড়ছে পানি। বাইরের হলুদ কাদায় পিচ্ছিল পথেও বৃষ্টির পানি স্রোত হয়ে নামছে।
যতদূর চোখ যায়, টিলার ওপর গায়ে গায়ে গালানো অসংখ্য ঝুপড়ি ঘর ভারি বৃষ্টিতে ভিজছে। নামমাত্র এই আশ্রয়ের নিচে বর্ষা মওসুম পার করছে লাখ লাখ রোহিঙ্গা।
নিজের দেশ মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসতে বাধ্য হওয়া এই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আর তাদের প্রতিদিনের মৌলিক চাহিদাগুলো মেটানোর চ্যালেঞ্জ ছাপিয়ে মাথাব্যথার বড় কারণ হয়ে উঠেছে অতিবৃষ্টি, ঢল, ভূমিধস আর ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের ঝুঁকি।
কক্সবাজারের টেকনাফের বালুখালি ক্যাম্পে মোটামুটি দেড়শ বর্গফুট মাপের এরকম একটি ঝুপড়ি ঘর এখন আলতাফ হোসেন ও তার পরিবারের আশ্রয়।
তিনি জানালেন, তার পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন। কোনো কোনো ঘরে ৮-৯ জন মানুষও থাকছে। এই বর্ষা তাদের কষ্ট বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ভারি বৃষ্টি হলে পানি তো ঢুকছেই, ঘরগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নতুন ক্যাম্পে সেভাবে রাস্তাঘাট তৈরি না হওয়ায় পিচ্ছিল পথে চলাফেরাও কঠিন হয়ে পড়েছে।
গতবছর অগাস্টে রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গাদের ঢল নামলে তাদের আশ্রয়ের জন্য অল্প সময়ের মধ্যে বিশাল এলাকাজুড়ে এই ক্যাম্প গড়ে ওঠে। পাহাড়ের উপরে, ধার ঘেঁষে ও নিচে মাটি ও গাছ কেটে তৈরি করা হয় ঝুপড়ি ঘর।
সম্প্রতি ক্যাম্পগুলো সফর করে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস বলেছেন, চলতি বর্ষায় এবং ঘূর্ণিঝড়ের কবল থেকে বাঁচাতে প্রায় দুই লাখ রোহিঙ্গাকে এই ক্যাম্প থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া প্রয়োজন।
গত ১০ মাসে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া সাত লাখ রোহিঙ্গার বেশিরভাগই আছেন বালুখালীতে। এই ক্যাম্পের বাসিন্দা আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্যাতনের মুখে পালিয়ে আসার পর তাদের আর উপায় ছিল না। যেখানে জায়গা পেয়েছেন, সেখানেই ঘর তুলেছেন।
তিনি বলেন, পাহাড়ের গায়ে টয়লেট বানানো হয়েছে। টিউবওয়েল বসানো হয়েছে। এসব আলগা পানি পাহাড়ের গা বেয়ে মাটি হালকা করে দিচ্ছে।
ব্র্যাকের মানবিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির প্রধান মোহাম্মদ আবদুস সালাম বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামনে মুষলধারে বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। ভূমিধসেরও আশঙ্কা রয়েছে।”
এই পরিস্থিতিতে প্রায় ২৫ হাজার মানুষকে ইতোমধ্যে ক্যাম্প থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সরকারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. আবুল কালাম।
ঝুঁকির কথা জানানোর পরও এই মানুষদের সরানো কঠিন হচ্ছে জানিয়ে ব্র্যাক কর্মকর্তা সালাম বলেন, নতুন জায়গায় গিয়ে আবার কী হয়- এই শঙ্কায় তারা সরতে চাইছে না।
তাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে জায়গারও অভাব রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এছাড়া অর্থের অভাবও একটা কারণ।
সাগরে তীরের কক্সবাজারের যদি সাইক্লোন আঘাত হানে তাহলে কী অবস্থা হবে ক্যাম্পগুলোতে?
ব্র্যাকের মানবিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির প্রধান সালাম বলেন, “সেরকম ঘূর্ণিঝড় হলে একটা ঘরও থাকবে না।”
ক্যাম্পের বেশিরভাগ ঘরই পলিথিন দিয়ে ছাওয়া। কোনো কোনো ঘরে রয়েছে টিনের চাল।
আবদুস সালাম বলেন, দুর্যোগ হলে এই রোহিঙ্গাদের নেওয়ার জন্য আশ্রয় কেন্দ্রেও পর্যাপ্ত জায়গা নেই।
উখিয়ার আশেপাশে যেসব ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানে স্থানীয় মানুষদেরই স্থান সঙ্কুলান হয় না।
এছাড়া স্বেচ্ছাসেবকদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
