বিমূর্ত চিত্রকলায় প্রকৃতি-মানবের যোগসূত্র
বাংলাদেশের প্রকৃতি ও মানুষের অবিচ্ছেদ্য যোগসূত্রকে বিমূর্ত চিত্রকলায় ফুটিয়ে তুলেছেন শিল্পী গোলাম মোহাম্মদ জোয়ারদার।
বিমূর্ত ধারায় তার আঁকা ৩৯টি শিল্পকর্ম নিয়ে রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ গ্যালারিতে শুক্রবার শুরু হয়েছে ‘রূপসী বাংলা’ শিরোনামের এক প্রদর্শনী। এটি শিল্পীর তৃতীয় একক চিত্র প্রদর্শনী।
প্রবীণ চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী শুক্রবার বিকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
গ্রাভিটি কালারের প্রতিটি ছবিতে প্রকৃতি, মানুষ ও প্রকৃতির নানা অনুষঙ্গকে উপজীব্য করেছেন শিল্পী। জলরঙ, চারকোল, মিক্সড মিডিয়া এবং অ্যাক্রেলিক- এই চার মাধ্যমে তিনি প্রকৃতির রঙের খেলাকে ফুটিয়ে তুলেছেন তার ক্যানভাসে।
বিকৃতি রোধে নজরুলের আদি সুরের চর্চার আহ্বান
নজরুল সংগীতের বিকৃতি রোধে এর আদি সুরের চর্চার আহ্বান জানিয়ে ঢাকায় শুরু হয়েছে দুদিনব্যাপী নজরুল উৎসব।
কবির ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার আয়োজনে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শুরু হয় এই উৎসব।
উৎসবের প্রথম দিনে নজরুলসঙ্গীতের চর্চা, প্রচার ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয় পশ্চিমবঙ্গের নজরুল সংগীত শিল্পী-গবেষক মায়া রায়কে।
নজরুলচর্চায় শুদ্ধতার আহ্বান জানিয়ে শিল্পী মায়া রায় বলেন, “অনেকেই এখন বিকৃতভাবে নজরুল সংগীত পরিবেশন করছে। এটা পরিহার করে আদি সুর ও বাণী অনুসরণ করেই নজরুলের ঐশ্বর্যময় সৃষ্টিসম্ভারকে ব্যবহার করতে হবে। তাহলেই কবির যথার্থ সম্মান জানানো হবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল। শুভেচ্ছা জানান সংগঠনের সহ-সভাপতি কবির নাতনি খিলখিল কাজী।
পরে কবির সৃষ্টির আলোয় নৃত্য-গীত ও কবিতাপাঠে এগিয়ে যায় পরিবেশনা পর্ব; সম্মেলক কণ্ঠে শিল্পীরা শোনান ‘দোলে ঝুলন দোলায়’।
এরপরে প্রমিতা দে শোনান ‘আমি গগনে গহনে সন্ধ্যাতারা’, সঞ্জয় কবিরাজ শোনান ‘পেয়ে কেন নাহি পাই’। ‘এলো কৃষ্ণ কানাইয়া’ পরিবেশন করেন শ্রাবন্তী ধর।
পরে নাহিয়ান দূরদানা শুচি গেয়ে শোনান ‘এ নহে বিলাস বন্ধু’। সঞ্জয় হালদার শোনান ‘এ আঁখিজল মোছ প্রিয়া’।
একক সংগীত পর্বে আরো অংশ নেন মোখলেসুর রহমান, মইদুল ইসলাম, বণা রাণী হালদার, রেজাউল করিম, ঐশ্বর্য সমাদ্দার, সুমন মজুমদার, খায়রুল আনাম শাকিল, জোসেফ কমল রড্রিক্স, করিব হাসান খান, নাসিমা শাহীন ফ্যান্সী, সুমন চৌধুরী, ডালিয়া নওশীন, সেলিনা হোসেন, গৌরী নন্দী, সালাহউদ্দিন আহমেদ, ফেরদৌস আরা ও শারমিন সাথী ইসলাম।
ছিল শিশু শিল্পীদের সম্মেলক কণ্ঠের গান। নজরুলের কবিতা আবৃত্তি করেন সুমনা বিশ্বাস।
শনিবার উৎসবের সমাপনী দিনে গান শোনাবেন ইয়াকুব আলী খান, ইয়াসমীন মুশতারী, খিলখিল কাজী, কল্পনা আনাম, শামীমা পারভীন শিশু, রেজাউল করিম, বিজন মিস্ত্রী, মাহমুদুল হাসান, মোহিত খান। বাচিকশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তির সঙ্গে পরিবেশিত হবে সামিনা হোসেন প্রেমার নৃত্য।
