২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বর পর্যন্ত ছুটি পাবেন না পাউবোর কর্মীরা

বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেপ্টেম্বর পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি স্থগিত করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 09:07 PM

Updated : 08 Apr 2022, 06:39 PM

বৃহস্পতিবার পাউবোর সচিব আব্দুল খালেক স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে পানি উন্নয়ন বোর্ড।

চিঠিতে বলা হয়, “বন্যাজনিত সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ৪ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে সব প্রকার ছুটি (হজব্রত পালনের ছুটি ছাড়া) মঞ্জুর স্থগিত রাখাসহ তাদের সদরদপ্তর ত্যাগ না করার নির্দেশ প্রদান করা হল।”

পাউবো বলছে, বর্তমানে দেশে বন্যা পরিস্থিতি বিরাজমান থাকায় পাউবোর বাঁধ ভেঙে জানমাল,  ফসল, সেচ, খালের ডাইক ও অন্যান্য অবকাঠামোসহ জনগুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে। এছাড়া বন্যা পরবর্তীতে জরুরি সেবারও দরকার হতে পারে।

এ অবস্থায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব কর্মকর্তা-কর্মচারীকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

সেই সঙ্গে স্থানীয় দপ্তর প্রধান, জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষারও নির্দেশ দিয়েছেন পাউবো সচিব।

জুলাই মাসের মাঝামাঝিতে বর্ষার ভরা মৌসুমে দেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যার আশঙ্কার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, দেশের উজানে ভারি বৃষ্টির কারণে চলতি মাসের দ্বিতীয়ার্ধে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ার প্রবণতার মধ্যেই আগামী দুই থেকে তিন দিন উজানে ভারি বৃষ্টির পূর্বাভাস বন্যার আশঙ্কা জাগাচ্ছে।

মৌসুমী বায়ু দেশজুড়ে সক্রিয় থাকায় মধ্য আষাঢ়ের পর মাঝারি থেকে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টির পূর্বাভাস রেখেছে আবহাওয়া অধিদপ্তর। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরও একই ধরনের আভাস দিয়েছে।

এর প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরে ধরলা, তিস্তা, দুধকুমার, ঘাঘট আর উত্তর-পূর্বাঞ্চলে সুরমা ও কুশিয়ারাসহ বিভিন্ন নদ-নদীতে পানি আগামী দুই দিনে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

তবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি নদ-নদীতে পানি বৃদ্ধির ধারা কমে আসতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধির ধারা আরও তিন দিন এবং পদ্মায় আরও দুই দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে এসব নদ-নদী এখনও বিপদসীমায় পৌঁছায়নি।

পুরনো খবর:

নদীর পানি বাড়ছে, চোখ রাঙাচ্ছে বৃষ্টির পূর্বাভাস
আরও বৃষ্টির আভাস, এ মাসেই বন্যার শঙ্কা