২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াবের ভূমিকায় সন্দেহ সাংবাদিকদের দুই সংগঠনের

সংবাদকর্মীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ডের কাজ আটকে দিতে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের চেষ্টার মধ্যে ‘নতুন চক্রান্ত’ দেখতে পাচ্ছে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দুটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2018, 03:02 PM

Updated : 19 Aug 2022, 02:16 PM

নোয়াবের ভূমিকার নিন্দা জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণা ও অবিলম্বে মহার্ঘ্য ভাতার গেজেট প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক,  ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী মঙ্গলবার এক বিবৃতিতে এই দাবি জানান।

সাংবাদিক ইউনিয়ন দুটির নেতারা যৌথ বিবৃতিতে বলেন, “জাতীয় নির্বাচনের প্রাক্কালে গণমাধ্যম শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সরকারের ভেতরের কোনো মহল ও সরকারের বাইরের মহল জোট বেঁধেছে কিনা- তাও খতিয়ে দেখা প্রয়োজন।”

২০১৫ সালে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো ঘোষণার পর থেকে নতুন বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছে সাংবাদিকদের সংগঠনগুলো। এই দাবিতে দীর্ঘ দিন ধরে ধারাবাহিক কর্মসূচি পালন করছে তারা।

এই প্রেক্ষাপটে চলতি বছর ২৯ জানুয়ারি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হককে প্রধান করে ১৩ সদস্যের এই ওয়েজবোর্ড গঠন করে আদেশ জারি করে তথ্য মন্ত্রণালয়।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গত এপ্রিলে বলেছিলেন, সেপ্টেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকরের সব প্রস্তুতি শেষ করা হবে। তার আগে মহার্ঘ্য ভাতা ঘোষণার জন্যও সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কিন্তু এর মধ্যেই ওয়েজ বোর্ডের কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) পক্ষে সংগঠনটির সভাপতি দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান একটি রিট আবেদন করেন।

এ বিষয়ে শুনানি করে হাই কোর্টের একটি বেঞ্চ গত ২ জুলাই রুল জারি করে। নবম মজুরি বোর্ড (ওয়েজ বোর্ড) কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয় সেখানে।

নোয়াব বলছে, সাংবাদিকদের ওয়েজবোর্ড গঠন করার ক্ষমতা শ্রম মন্ত্রণালয়ের, সে এখতিয়ার তথ্য মন্ত্রণালয়ের নেই। ওয়েজবোর্ড কার্যকরের জন্য প্রাতিষ্ঠানিক পরিকাঠামোও তথ্য মন্ত্রণালয়ের নেই। ফলে হাতেগোণা কয়েকটি পত্রিকা ছাড়া ওয়েজবোর্ডের বাস্তবায়ন হয় না।

কিন্তু এর আগে প্রতিবার ওয়েজ বোর্ডের ঘোষণা তথ্য মন্ত্রণালয় থেকে এলেও এবারই কেন নোয়াব আপত্তি করছে- সেই প্রশ্ন তুলেছেন সাংবাদিক ইউনিয়ন নেতারা। 

তারা বলছেন, আপত্তির কথা আগে না বলে মহার্ঘ্য ভাতা ঘোষণার পর্যায়ে এসে আদালতে যাওয়ার ‘নৈতিক অধিকার’ সংবাদপত্র মালিকদের নেই।

বিএফইউজে ও ডিইউজের যৌথ বিবৃতিতে বলা হয়, “মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা থাকার পরও নানা বাহানায় নবম ওয়েজবোর্ড গঠন বিলম্বিত হয়। সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব নবম ওয়েজবোর্ডে লিখিতভাবে তাদের প্রতিনিধি পাঠায়, সেই প্রতিনিধিরা নবম ওয়েজবোর্ডের বৈঠকে অংশ নেন, উদ্বোধনী বৈঠকে তথ্যমন্ত্রীর উপস্থিতিতে ওয়েজবোর্ড গঠনের পক্ষেও বক্তব্য দেন, তাদের উস্থিতিতেই মহার্ঘ্যভাতা ঘোষণা করা হয়।

“কিন্তু হঠাৎ করেই নোয়াব গোটা প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে ওয়েজবোর্ডের রোয়েদাদ ঘোষণার প্রক্রিয়া বিলম্বিত করার চক্রান্ত শুরু করেছে।”

দেশের বর্তমান অবস্থায় সব পেশার মানুষ নানাভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করলেও কেবল গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করা হয় বিবৃতিতে।

মহার্ঘ্যভাতা ঘোষণার গেজেট প্রকাশ বিলম্বিত করতে ‘মন্ত্রণালয়ের ধীরগতি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, “বিএফইউজে ও ডিইউজে নির্ধারিত সময়ের মধ্যে রোয়েদাদ ঘোষণা ও অবিলম্বে মহার্ঘ্যভাতার গেজেট প্রকাশের দাবি জানিয়েছে।”

পুরনো খবর:

নোয়াবের পদক্ষেপ ‘অনৈতিক’
ওয়েজবোর্ড আটকাতে নোয়াবের রিটের পর হাই কোর্টের রুল