'ট্র্যাডিশনাল জামদানি ডিজাইনস' গ্রন্থের মোড়ক উন্মোচন
জামদানির আসল বুনন কৌশল ও আদি নকশাকে বাঁচিয়ে রাখতে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও জাতীয় কারুশিল্প পরিষদের যৌথ উদ্যোগে প্রকাশিত হয়েছে 'ট্র্যাডিশনাল জামদানি ডিজাইনস' নামক একটি নকশা গ্রন্থ।
রোববার বিকালে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
‘ইউএস অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজার্ভেশন’র পৃষ্ঠপোষকতায় চার বছরের নিবিড় গবেষণায় জামদানির আদি নকশা সংগ্রহ ও সংকলিত করেছে কারুশিল্প পরিষদ।
অনুষ্ঠানে গ্রন্থটি পর্যালোচনা করে লেখক-গবেষক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, ‘জামদানি’ শব্দটি ফারসি। ফারসিতে ‘জামা’ শব্দের অর্থ কাপড় ও ‘দানা’ শব্দের অর্থ হল বুটি। অর্থাৎ ‘জামদানি’ শব্দের অর্থ হল বুটিদার কাপড়।
“জামদানি শাড়ির আগের সব বিখ্যাত ও অবিস্মরণীয় নকশা ও বুননের অনেকগুলোই বর্তমানে বিলুপ্ত প্রায়। নবীন কারিগররা অধিকাংশ নকশাই বুনতে জানেন না। এই গ্রন্থে আদি বনন কৌশল আর হারিয়ে যাওয়া নকশা পুনরুদ্ধারের চেষ্টা করা হয়েছে, যাতে বাংলাদেশের দুর্লভ কারুশিল্প ঐতিহ্যের অবশিষ্টাংশকে টিকিয়ে রাখা যায় এবং নতুন কারিগররা যাতে এই নকশার ব্যাপারে ধারণা পান।"
অনুষ্ঠানে কয়েকজন জামদানি তাঁতি ও তাদের সন্তানরাও অংশ নেন, যে তাঁতিদের কাছ থেকে গবেষকরা তথ্য ও নকশা সংগ্রহ করেছেন। তাঁতিদের মধ্য থেকে কয়েকজন বক্তব্য রাখেন।
অভিনেতা আসাদুজ্জামান নূর তাঁতিদের অভিনয়শিল্পীর সঙ্গে তুলনা করে বলেন, “আপনাদের কাছে আমরা কিছুই না। আপনারা দুই আঙুল আর সুতা দিয়ে যে কাজ করেন, সেই শিল্প সৃষ্টি করা সবার পক্ষে সম্ভব নয়।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এই গবেষণাগ্রন্থটিতে যুক্ত হতে পেরে গর্ব অনুভব করার কথা জানান।
“বাংলাদেশে আসার পর থেকে যতবারই জামদানি শাড়ি কিংবা জামা পরেছি অথবা হ্যান্ডব্যাগ ব্যবহার করেছি, আমার গর্ব হয়েছে। এত চমৎকার হাতের কাজ আমি কখনও দেখিনি। এই শিল্প আরও সমৃদ্ধ হোক।"
গ্রন্থটির অন্যতম সম্পাদক চন্দ্রশেখর সাহা বলেন, "এই বইটিতে জামদানির নকশার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের দেশের কারুশিল্পীরা পারিবারিকভাবে সংরক্ষণ করে রেখেছিল এই শিল্পের জ্ঞান। এই গ্রন্থ নবীন শিল্পীদের দক্ষতা বৃদ্ধি করবে।"
বইটির দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকা। জাতীয় জাদুঘরের বিক্রয় কেন্দ্র ও জাতীয় কারুশিল্প পরিষদের অফিস থেকে এটি সংগ্রহ করা যাবে।
