২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে বিশ্বকাপের দল সমর্থন নিয়ে যুবককে মারধরের প্রতিবাদ

ঢাকার মোহাম্মদপুরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় দল সমর্থন নিয়ে স্থানীয় যুব সমিতি নবোদয় সংঘের সাধারণ সম্পাদক নিজামুল হক বাবুর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2018, 08:53 PM

Updated : 11 Oct 2022, 12:27 PM

শনিবার বিকালে নবোদয় সংঘ মাঠে বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয়রা।সমাবেশে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

তিন দিন আগের এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা দায়ের হলেও এখনও আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওয়াহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তারেও পুলিশ মাঠে কাজ করছে।”

গত ২৭ জুন মধ্যরাতে তাজমহল রোডে এই ক্লাবের পক্ষ থেকে মাঠে প্রজেক্টরে ব্রাজিল ও সার্বিয়ার দেখানো হয়।

বাবু ব্রাজিলের সমর্থক। মাঠে সার্বিয়ার পক্ষ নিয়ে একদল আর্জেন্টিনা সমর্থক হৈ চৈ করেন। এ নিয়ে তাজমহল রোডের মিরাজ (৪০) নামে একজনের সঙ্গে বাবুর কথা কাটাকাটি এবং তার জের ধরে কয়েকজন মিলে বাবুকে মারধর করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

বাবুর ভাই সাইজুল বৃহস্পতিবার মোহাম্মদপুর ওই মামলা দায়ের করেন। এতে বলা হয়, ওই এলাকার বাসিন্দা একরামুল হক মৃদুল, মিরাজ, মোমেন, হেলাল, জিসান, আতিকসহ ১৫/১৬জন যুবক এলাপাতাড়িভাবে বাবুকে মারধর করে এবং মৃদুল ‘তার কাছে থাকা পিস্তল দিয়ে’ তার কপালে আঘাত করে।

“এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে বাবুকে লক্ষ করে গুলি করলে সরে দাঁড়ানোর কারণে তা লক্ষভ্রষ্ট হয়।”

পরে বাবু ক্লাবের ভেতর আত্মরক্ষার জন্যে গেলে সেখানেও হামলাকারীরা তাকে মারধর এবং ব্যাপক ভাংচুর করে বলে মামলায় বলা হয়েছে। এ সময় কয়েকজন বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ।

পরে খবর পেয়ে পুলিশ গেলে হামলাকারীরা পালিয়ে যায় বলে সালমান নামে ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান।

আহত বাবুকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তিনি চোখে আঘাত পাওয়ায় সেখান থেকে তাকে আগারগাঁও চক্ষু হাসপাতালে নেওয়া হয়।