২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মী রোজিনার মৃত্যু: বিআরটিসি চালকের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

রাজধানীর বনানীতে বাস চাপায় পা হারিয়ে গৃহকর্মী রোজিনা আক্তারের মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় বিআরটিসির চালক শফিকুল ইসলাম মুন্নার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2018, 09:13 PM

Updated : 19 Aug 2022, 02:14 PM

এক মাস আগে গত ২৫ মে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই (নিরস্ত্র) শেখ মিজানুর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন।

তবে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম এ এইচ এম তোয়াহা অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বদলির নির্দেশ দেওয়ার পর বিষয়টি জানা যায়।

এখন অন্য কোনো মহানগর হাকিম শুনানির পরবর্তী দিন ঠিক করে দেবেন বলে সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শেখ রাকিবুর রহমান জানিয়েছেন।

মামলার একমাত্র আসামি শফিকুল ইসলাম মুন্না জামিনে রয়েছেন।

মামলায় নয়জনকে সাক্ষী করা হয়েছে।

২১ বছর বয়সী ওই তরুণী গত ২০ এপ্রিল রাতে বনানীতে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির একটি বাসের চাপায় তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।

দুই দফা অস্ত্রোপচার করে তার ডান পা উরুর গোড়া থেকে ফেলে দিতে বাধ্য হন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) চিকিৎসকরা।

অবস্থার অবনতি হতে থাকায় গত ২৫ এপ্রিল রোজিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল। সেখানে ২৯ এপ্রিল মারা যান রোজিনা।

রোজিনা গাজী টেলিভিশন ও সারাবাংলা ডট নেটের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজার গৃহকর্মী ছিলেন।

রোজিনার পা হারানোর ঘটনায় গাজী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মহিউদ্দিন আহমেদ বনানী থানায় এই মামলা করেছিলেন।

পুরনো খবর:

রোজিনাকে বাঁচানো গেল না